বানরের জন্য আইসক্রিম!
প্রচণ্ড গরমে যখন গলা শুকিয়ে কাঠ, এ সময় আইসক্রিমে যদি গলা ভেজানো যায়—উফ্, তোফা! প্রচণ্ড গরমে তিষ্টোতে না পেরে চীনের ঝেংঝু চিড়িয়াখানার বানরগুলোও আইসক্রিম খেয়ে প্রাণ জুড়াচ্ছে। ঝেংঝু শহরে প্রচণ্ড গরম পড়েছে। তাপমাত্রা কোনো কোনো দিন ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। গরম থেকে স্বস্তি দিতে চিড়িয়াখানা থেকেই আইসক্রিম দেওয়া হচ্ছে বানরগুলোকে।চিড়িয়াখানা সূত্রে জানা যায়, দাবদাহ চলতে থাকায় বানরগুলোর তত্ত্বাবধায়ক প্রতিটি বানরকে দিনে দুটি করে ললি আইসক্রিম দেন। তিনি জানান, প্রথম দিকে আইসক্রিম দিলে বানরগুলো ছুঁয়েও দেখত না। পরে কিছু আইসক্রিম পানিতে ফেললে, দু-একটি বানর কৌতূহল মেটাতে তা তুলে নিয়ে চেটে দেখে। তখন বুঝতে পারে আইসক্রিমের মজা। চিৎকার করে তারা উচ্ছ্বাস প্রকাশ করে সঙ্গীদের জানান দেয় এই সুস্বাদু খাবারের কথা। তখন আইসক্রিমের জন্য বানরগুলোর মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। তত্ত্বাবধায়ক জানান, এখন আইসক্রিম বিতরণের সময় বানরগুলো তাঁর চারদিকে গোল হয়ে বসে ধৈর্যের সঙ্গে অপেক্ষা করে। অরেঞ্জ অনলাইন।