বানান প্রতিযোগিতায় ভারতীয় বংশোদ্ভূত কিশোরীর সাফল্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের স্ক্রিপস ন্যাশনাল স্পেলিং বি নামক সম্মানজনক বানান প্রতিযোগিতায় এবার বিজয়ী হয়েছে ভারতীয় বংশোদ্ভূত কিশোরী স্নিগ্ধা নন্দিপতি। গত বৃহস্পতিবার মেরিল্যান্ডের অক্সন হিলে অনুষ্ঠিত ওই প্রতিযোগিতায় সেরা পুরস্কার জিতে নেয় ১৪ বছর বয়সী স্নিগ্ধা।অখ্যাত ফরাসি শব্দ ‘জি-ইউ-ই-টি-অ্যা-পি-ই-এন-এস’ সঠিকভাবে বানান করে স্নিগ্ধা এই সাফল্য অর্জন করে। এই শব্দের অর্থ অতর্কিত আক্রমণ বা ফাঁদ। ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো শহরের অষ্টম গ্রেডের ছাত্রী স্নিগ্ধা। দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মার্কিনদের মধ্যে পঞ্চম প্রতিযোগী হিসেবে সে এই সাফল্য পেয়েছে। তার বাবা একজন সফটওয়্যার প্রকৌশলী। প্রতিযোগিতার পুরস্কার হিসেবে সোনার কাপ ও ৩০ হাজার মার্কিন ডলার হাতে নেওয়ার পর স্নিগ্ধা জানায়, শব্দটি আগে থেকেই তার পরিচিত ছিল। পুরস্কারের এই অর্থ সে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য খরচ করবে।স্পেলিং বিতে কয়েক বছর ধরে দক্ষিণ এশীয়রা ধারাবাহিকভাবে প্রাধান্য বিস্তার করে চলেছে। এবারের প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে ফ্লোরিডা রাজ্যের অরল্যান্ডের স্তুতি মিশ্র। এনডিটিভি।