বাবরি মসজিদ ধ্বংসের ২০তম বার্ষিকী পালন
ভারতের অযোধ্যার বাবরি মসজিদ ধ্বংসের ২০তম বার্ষিকী ছিল গতকাল বৃহস্পতিবার। হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের মানুষ দিনটি আলাদাভাবে পালন করেছে। সহিংসতার আশঙ্কায় সরকার উত্তর প্রদেশে কড়া নিরাপত্তাব্যবস্থা নেয়।অযোধ্যা ও উত্তর প্রদেশের আশপাশের মসজিদগুলোতে কালো পতাকা উত্তোলন করা হয়। আয়োজন করা হয় কোরআনখানি ও বিশেষ প্রার্থনার। এ ছাড়া অযোধ্যার পার্শ্ববর্তী এলাকায় হিন্দুরাও দিনটি উৎসবের আমেজে পালন করে।এদিকে ভারতের সুপ্রিম কোর্ট রায় বেরেলির একটি আদালতকে বাবরি মসজিদ ধ্বংসের মামলার দ্রুত শুনানি চালু করার নির্দেশ দিয়েছেন। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা এল কে আদভানি ও তাঁর ১৯ জন সহযোগীর বিরুদ্ধে বাবরি মসজিদ ধ্বংসের ষড়যন্ত্র করার অভিযোগে ওই মামলা হয়েছিল। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর অযোধ্যার বাবরি মসজিদ ধ্বংস করা হয়। এ ঘটনায় নয়াদিল্লি, মুম্বাইসহ অন্যান্য শহরে হিন্দু-মুসলিম দাঙ্গা ছড়িয়ে পড়ে। এতে দুই হাজারের বেশি মানুষের প্রাণহানি হয়। এঁদের বেশির ভাগই মুসলমান। পিটিআই।