ভারতের সুপ্রিম কোর্ট বলেছেন, বাবরি মসজিদ ভাঙা নিছক একটি ঘটনা। এটি বিখ্যাত বা কুখ্যাত কোনো ঘটনা নয়। গতকাল সোমবার বিচারপতি এইচ এল দত্ত ও কে প্রসাদের সমন্বয়ে গঠিত সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ বাবরি মসজিদ ভাঙা নিয়ে এক শুনানিতে এমনই মন্তব্য করেন।ওই ঘটনায় কেন্দ্রীয় তদন্ত সংস্থার (সিবিআই) বিজেপির জ্যেষ্ঠ নেতা এল কে আদভানি, শিবসেনার প্রধান বাল ঠাকরেসহ আরও ১৮ জনের বিরুদ্ধে ২৭ মার্চের মধ্যে ষড়যন্ত্রের অভিযোগে ফৌজদারি অভিযোগ গঠনের জন্য সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে তালিকাভুক্তির আবেদন করেন। শুনানির শুরুতেই অতিরিক্ত কৌঁসুলি বলেন, বিষয়টি বিখ্যাত বাবরি মসজিদ ভাঙা মামলার সঙ্গে সম্পৃক্ত। জবাবে আদালত বলেন, ‘এর মধ্যে “বিখ্যাত” বলে কি আছে? এটি ছিল একটি ঘটনা এবং আমাদের সামনেই বিভিন্ন পক্ষ ঘটিয়েছে। এটি মোটেও বিখ্যাত বা কুখ্যাত নয়।’মামলার কিছু পক্ষ নির্দেশ অনুযায়ী কাগজপত্র জমা না দেওয়ার বিষয়টি উল্লেখ করে আদালত বলেছেন, এভাবে শুনানি-প্রক্রিয়া চলতে পারে না। আদালত আগামী মার্চ পর্যন্ত মামলার কার্যক্রম মুলতবি করেছেন। সুপ্রিম কোর্ট গত বছরের ৪ মার্চ এ মামলায় ২১ জনের বিরুদ্ধে নোটিশ জারি করেন। তাঁদের মধ্যে রয়েছেন আদভানি, বাল ঠাকরে, কল্যাণ সিং, উমা ভারতী, সতীশ প্রধান, সি আর বানসাল, এস এম জোশি, ভিনয় কাটিয়ার, অশোক সিংহল, গিরিরাজ কিশোর, সাদভি রীতাম্ভরা, ভি এইচ ডাল মিয়া। ওই সময় আদালত কেন বাবরি মসজিদ ভাঙার ঘটনায় তাঁদের বিরুদ্ধে অপরাধ ঘটানোর ষড়যন্ত্রের অভিযোগে দায়ের করা মামলা পুনরুজ্জীবিত হবে না—এই মর্মে কারণ দর্শাতে বলেন। পিটিআই।