বাবরি মসজিদের জমি বিতর্ক মামলার রায় আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অযোধ্যার বাবরি মসজিদের জমি নিয়ে বিরোধের জেরে দায়ের করা মামলার রায় ঘোষণা হচ্ছে আজ বৃহস্পতিবার বিকেলে। ৬০ বছর আগে দায়ের করা এই মামলার ব্যাপারে রায় দেবেন এলাহাবাদ হাইকোর্টের লক্ষ্ণৌ বেঞ্চের তিন বিচারপতি। রায় ঘোষণার পর যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য ভারতজুড়ে কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।উত্তর প্রদেশ রাজ্যের ফৈজাবাদ জেলার অযোধ্যায় ৪০০ বছর আগে তৈরি বাবরি মসজিদের স্থানটি রামের জন্মস্থান বলে দাবি করেন হিন্দুত্ববাদীরা। এর জের ধরে বিজেপির নেতৃত্বে উগ্র হিন্দুত্ববাদীরা ১৯৯২ সালের ৬ ডিসেম্বর মসজিদটি ভেঙে ফেলে। আজ (বাংলাদেশ সময় বিকেলে চারটা) এই ঐতিহাসিক মামলার রায় ঘোষণা করে কর্মক্ষেত্র থেকে বিদায় নেবেন বেঞ্চের অন্যতম বিচারপতি ডি ভি শর্মা। তাঁর অপর দুই সতীর্থ হলেন বিচারপতি এস ইউ খান ও বিচারপতি সুধীর আগরওয়াল।সরকারি সূত্রে জানা গেছে, নয়াদিল্লিতে কমনওয়েলথ গেমস শুরু হওয়ার মাত্র তিন দিন আগে এই রায় ঘোষণা করা হচ্ছে। বিষয়টি মাথায় রেখে এই কড়া নিরাপত্তাব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভারতের ৩২টি অঞ্চলকে স্পর্শকাতর এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। সে অনুযায়ী ১৬টি স্পর্শকাতর স্থানে সেন্ট্রাল রিজার্ভ ফোর্সের সদস্য মোতায়েন থাকবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম নিজেই নিরাপত্তাব্যবস্থা তদারক করছেন।উত্তর প্রদেশে নিরাপত্তার বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজ্যজুড়ে কোনো ধরনের নাশকতার পরিকল্পনা আগেই শনাক্ত করতে গোয়েন্দা সংস্থাগুলোর সদস্যরা তৎপর রয়েছেন। শুধু উত্তর প্রদেশেই এক লাখ ৭০ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। এর মধ্যে রাজ্য পুলিশের এক লাখ ৬০ হাজার ও কেন্দ্রীয় পুলিশের ১০ হাজার সদস্য রয়েছেন। মায়াবতীর নেতৃত্বাধীন রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের কাছে আরও নিরাপত্তা-সদস্য চেয়েছে। মায়াবতী নিজে নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা করেছেন এবং কোনো ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা ও সমাজবিরোধী কার্যকলাপ কঠোর হাতে দমন করার নির্দেশ দিয়েছেন।রাজ্যের মুখ্যসচিব শশাঙ্ক শেখর সিং বলেন, সব ধরনের ঐতিহাসিক, ধর্মীয় ও সামাজিক স্থাপনা রক্ষা করার জন্য নিরাপত্তা বাহিনীর সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে। এলাহাবাদ হাইকোর্ট, এর আশপাশের এলাকা ও লক্ষ্ণৌ বেঞ্চের জন্য বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।দেশবাসীর প্রতি সাম্প্রদায়িক সম্প্রীতি এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। গত মঙ্গলবার বিকেলে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের তিনি বলেন, আদালত যে রায়ই ঘোষণা করুন, জনগণকে অবশ্যই শান্তি বজায় রাখার চেষ্টা করতে হবে।ক্ষমতাসীন কংগ্রেস দলের সভানেত্রী সোনিয়া গান্ধীও আদালত যে রায় দেবেন, তা মেনে নিয়ে শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। বিরোধী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা লালকৃষ্ণ আদভানিও শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন।রায় ঘোষণার পর যাতে গোটা দেশে শান্তি বজায় থাকে, সে জন্য ভারতের বেশির ভাগ রাজনৈতিক এবং ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে শান্তি বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।এদিকে কর্ণাটক সরকার দুই দিনের জন্য রাজ্যের সব স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে। পশ্চিমবঙ্গের সর্বত্র জারি করা হয়েছে সতর্কতা। সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। কলকাতার ৪৮টি থানার মধ্যে ১৮টি থানাকে স্পর্শকাতর থানা হিসেবে চিহ্নিত করে সেখানের নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভারত সরকারের জারি করা সর্বশেষ প্রজ্ঞাপনে সব রাজ্য সরকারকে স্পর্শকাতর স্থানগুলোতে কঠোরভাবে নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে, হিন্দু-মুসলমানের মধ্যে শান্তি বজায় রাখতে যেন শান্তি কমিটি সক্রিয় করা হয়। এর আগে মোবাইল ফোনের মাধ্যমে বাল্ক এসএমএস ও এমএমএস আদান-প্রদানের ওপর ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞা আরোপ করা হয়।