বাবাকে নিয়ে উৎকণ্ঠার প্রহর

আট দিন ধরে বাবার কোনো খবর পাচ্ছিলেন না লন্ডনপ্রবাসী সাবা মাহজুর। ভয়ে আতঙ্কে অস্থির ছিলেন তিনি। ভেবেছিলেন বন্যায় তাঁর বাবা ভেসে গেছেন। হয়তো আর কোনোদিনও ফিরে আসবেন না। সুদূর লন্ডনে বসেও বাবার খোঁজ থেমে থাকেনি। সামাজিক যোগাযোগের মাধ্যম, বিভিন্ন ত্রাণ সংগঠনের মাধ্যমে সাবা খুঁজেছেন বাবাকে।
বাবা আবদেল মাহজুর সাবার আরেক বোনকে নিয়ে থাকেন ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগরে। গত ৫০ বছরের মধ্যে প্রথমবারের মতো ভয়াবহ বন্যা আঘাত হেনেছে কাশ্মীরে। শ্রীনগরের রাজবাগে আবদেল মাহজুর যে তিনতলা বাড়িতে বাস করেন, তার প্রায় পুরোটাই ডুবে গেছে বন্যায়। যোগাযোগের সব ব্যবস্থাও বিপর্যস্ত হয়ে পড়েছে।
৫ সেপ্টেম্বর বিকেলে সরকার রাজবাগ থেকে সবাইকে সরে যাওয়ার ঘোষণা দেয়। আবদেল ভেবেছিলেন পরদিন সকালেই চলে যাবেন, কিন্তু রাতে বন্যার পানি বাড়তে থাকে। দুই ঘণ্টার মধ্যে পানি ১৫ ফুট উচ্চতায় উঠে যায়। বাড়িঘরে ঢুকে পড়ে পানি। মধ্যরাতেই বাড়ির দোতলা পানির নিচে চলে যায়। ৬ সেপ্টেম্বর সকালে তিনতলা ভবনটি পুরোপুরি পানির নিচে চলে যায়। আবদেল মাহজুর, সাবার বোন ও আরও কয়েকজন আশ্রয় নেন ছাদের চিলেকোঠায়। চার দিন ধরে ওই চিলেকোঠায় সাতজন মানুষ ছিলেন। সঙ্গে কিছু চাল, ডাল ও পানি নেন তাঁরা। সংগ্রহের খাবার যাতে বেশিদিন চলে, সে জন্য তাঁরা দিনে একবার করে খেতেন ।
৯ সেপ্টেম্বর রাতে অসহায় পরিবারটি একজন মানুষকে নৌকায় করে যেতে দেখেন। সহায়তার জন্য চিৎকার করতে থাকেন। লোকটির দয়া হয়। তিনি সাবার বাবাসহ সবাইকে নৌকায় তুলে নেন। সাবা বলেন, যখন বাবা ও অন্যদের উদ্ধার করা হয়, তখন তাঁদের কাছে এক লিটার পানি ছাড়া আর কিছুই ছিল না।
সাবার খালার কাছে আশ্রয় নেন আবদেল মাহজুর ও অন্যরা। এ সময় দিল্লিতে থাকা খালাতো বোনের ফেসবুকে দেওয়া পোস্টে সাবা জানতে পারেন বাবা নিরাপদে আছেন। হাঁফ ছেড়ে বাঁচেন তিনি। অবসান হয় সব উৎকণ্ঠার। খালা সাবাকে জানান, বিপদ থেকে বাঁচতে তাঁরা উঁচু এলাকা বাদগামের গ্রামে চলে যাচ্ছেন।
সাবা বলেন, বাবার ডায়াবেটিস ছিল। তাঁকে অনেকগুলো ওষুধ খেতে হয়। বয়স ৬৫। কয়েকবার অস্ত্রোপচারও হয়েছে। তিনি শারীরিকভাবে খুব বেশি সুস্থ নন। এ জন্যই বাবাকে নিয়ে উৎকণ্ঠা বেশি ছিল। গত বৃহস্পতিবার বাবার সঙ্গে কথা হয় সাবার। বাদগামে তাঁরা নিরাপদে আছেন। সাবা এখন তাই নিশ্চিন্ত।
তবে সাবা জানান, শ্রীনগরে আরও অনেকেই বন্যার পানিতে আটকে আছেন। তাঁদের ভাগ্যে কী ঘটেছে, জানেন না তিনি।