বাবাকেই রাজা হতে দিন: প্রিন্স উইলিয়াম
যুক্তরাজ্যের প্রিন্স উইলিয়াম বলেছেন, তাঁর বাবা প্রিন্স চার্লসই হবেন সে দেশের পরবর্তী রাজা। সিংহাসনের উত্তরাধিকার নিয়ে চলমান জল্পনা-কল্পনার পরিপ্রেক্ষিতে উইলিয়াম এ ধরনের মন্তব্য করেন। রাজপ্রাসাদ সূত্র গতকাল রোববার এ তথ্য জানিয়েছে।সম্প্রতি দুটি জনমত জরিপে দেখা গেছে, রানি দ্বিতীয় এলিজাবেথের (৮৪) পর রাজা হিসেবে প্রিন্স চার্লসকে নয়, বরং উইলিয়ামকেই রাজা হিসেবে বেশির ভাগ ব্রিটিশ নাগরিকের পছন্দ।রাজপরিবারের একজন জ্যেষ্ঠ মুখপাত্র গতকাল টেলিগ্রাফ পত্রিকাকে জানিয়েছেন, প্রিন্স অব ওয়েলসই হচ্ছেন যুক্তরাজ্যের পরবর্তী রাজা। এ নিয়ে তাঁর ছেলে উইলিয়ামের মনে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। প্রিন্স উইলিয়াম বলেছেন, ‘বাবাকে টপকে রাজা হওয়া প্রশ্নই উঠছে না। বাবাকেই রাজা হতে দিন।’উইলিয়ামের মা প্রিন্সেস ডায়ানা ১৯৯৫ সালে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, চার্লসের রাজত্ব হবে ‘খুবই সীমিত’। রানির পর বরং উইলিয়ামই রাজা হওয়ার জন্য অধিকতর উপযুক্ত।প্রাসাদের মুখপাত্র বলেন, প্রিন্স উইলিয়াম তাঁর মা ডায়ানাকে নিয়ে অসম্ভব গর্ব বোধ করেন। কিন্তু যুক্তরাজ্যের পরবর্তী রাজা হিসেবে উইলিয়ামই বেশি উপযুক্ত—ডায়ানার এই বিশ্বাস তিনি লালন করেন না।প্রাসাদ সূত্র আরও জানিয়েছে, প্রিন্স উইলিয়াম (২৮) বর্তমানে উত্তর ওয়েলসে, আরএএফ ভ্যালিতে ‘সার্চ অ্যান্ড রেসকিউ’ হেলিকপ্টারের পাইলট হিসেবে দায়িত্ব পালন করছেন। আগামী বছর কেট মিডলটনকে বিয়ের পরও তিনি এ দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন না। তিনি অন্তত ২০১৩ সাল পর্যন্ত আরএএফের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।সম্প্রতি এক জনমত জরিপে দেখা গেছে, ব্রিটিশ নাগরিকদের ১৫ শতাংশের পছন্দ চার্লসকে পরবর্তী রাজা হিসেবে। অন্যদিকে প্রিন্স উইলিয়ামকে পছন্দ ৫৬ শতাংশ নাগরিকের।যুক্তরাজ্যের আইনজীবী প্রখ্যাত লর্ড লিস্টার বলেছেন, জনপ্রিয়তার ভিত্তিতে সিংহাসনের উত্তরাধিকারী নির্বাচন করা হয় না। এর নিজস্ব পদ্ধতি আছে। অতএব যুক্তরাজ্যের পরবর্তী রাজা কে হবেন, এ নিয়ে জনমত জরিপের ফলাফলে কিছু আসে যায় না। এ ধরনের জরিপ অসংলগ্ন। রাজতন্ত্রের নিয়ম অনুযায়ী রাজপরিবারের পরবর্তী জ্যেষ্ঠ পুরুষই রাজা হবেন। তিনি আরও বলেন, ‘আমি মনে করি না, প্রিন্স অব ওয়েলস তাঁর অধিকার ছেড়ে দেবেন। আমি এও মনে করি না, প্রিন্স উইলিয়াম তাঁর বাবার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামবেন।’সম্প্রতি যুক্তরাষ্ট্রের এনবিসি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রিন্স চার্লস (৬২) বলেন, তিনি রাজা হলে তাঁর স্ত্রী ক্যামিলা পার্কার সে দেশের রানির পদবি গ্রহণ করতে পারেন।তাঁর এ মন্তব্যের সূত্র ধরেই যুক্তরাজ্যের পরবর্তী রাজা হিসেবে কাকে বেশি পছন্দ, তা নিয়ে জনমত জরিপ শুরু হয়। দ্য টেলিগ্রাফ অনলাইন।