বাবাদের গল্প
বাবা দিবসে শোনা যাক কয়েকজন বাবার গল্প। ফ্লোরিডা রাজ্যের স্টিভ ফুগাটি পর্বত আরোহী ছিলেন। ১৯৯৯ সালে পর্বত অভিযাত্রার মাঝপথে একমাত্র ছেলের আত্মহত্যার খবর পান। পর্বত আরোহণ অসমাপ্ত রেখেই স্টিভ ফুগাটি বাড়ি ফেরেন। ভেঙে পড়া মন নিয়ে হতাশার কাছে আত্মসমর্পণ করেননি স্টিভ। পুত্রশোক বুকে ধারণ করে ফিরে যান পর্বত আরোহণের কাজ শেষ করতে। পণ করেন, হেঁটে হেঁটে জীবনকে ভালোবাসার বাণী পৌঁছে দেবেন মানুষের কাছে। সেই থেকে চলছে তাঁর হাঁটা। এ পর্যন্ত ৩৫ হাজার মাইলের বেশি পথ হেঁটেছেন স্টিভ ফুগাটি। বহন করছেন ‘লাভ লাইফ’ লেখা একটি প্ল্যাকার্ড। সন্তান হারানোর বেদনা চেপে রাখতে জীবনকে ভালোবাসার বাণী আজীবন হেঁটে প্রচার করছেন এই বাবা।
সুমন আমার ছোট ভাইয়ের বন্ধু। সুমনের বাবার জটিল সব শারীরিক সমস্যা। নিজে চলতে পারেন না। প্রতিদিন তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হয়। দোতলা অ্যাপার্টমেন্টের সিঁড়ি বেয়ে, হাসপাতালের সিঁড়ি বেয়ে, বাবাকে নিয়ে সুমনের জীবনযুদ্ধ। কৈশোর থেকে আমাদের চোখের সামনে গত ২০ বছর সুমন এ কাজটি করে যাচ্ছে। সহাস্যে বছরের পর বছর। পাশাপাশি লেখাপড়া করে সুমন এখন প্রযুক্তিবিদ। কবছর আগে সুমন বিয়ে করে। বিয়ের কিছুদিনের মধ্যেই সমস্যা দেখা দিল। ঢাকা থেকে ‘আমেরিকার স্বপ্ন’ দেখে আসা মেয়েটি হঠাত্ বেঁকে বসে। অসুস্থ বাবাকে আর কতকাল টানতে হবে? সুমনের সঙ্গে মেয়েটির কোনো সমস্যা নেই। শর্ত একটাই, বাবাকে পাঠিয়ে দিতে হবে সেবাকেন্দ্রে, স্থায়ীভাবে। একদিকে অসুস্থ বাবা, আরেকদিকে দাম্পত্য। একটিকে বেছে নেওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়। সুমন হাসিমুখে দাম্পত্যকে বিসর্জন দিয়েছে তখনকার মতো। যুক্তরাষ্ট্রে কৈশোর থেকে বড় হওয়া সুমন আজও বাবার পাশে আছে। বাবাকে নিয়ে আছে। বাবা দিবসে সুমনকে আলাদা করে কিছু বলা হয় না। বলার প্রয়োজনও নেই।
নিজেও বাবা হয়েছি। সম্প্রতি আমার ছেলের ড্রাইভিং লাইসেন্স হয়েছে। লাইসেন্স পাওয়ার পরদিন ছেলের ইচ্ছা, পরিবার নিয়ে ড্রাইভে যাওয়ার। আমাকে চালকের পাশের আসনে বসার অনুরোধ। কোনো সময় ব্যয় না করেই আমি সোজা পেছনের আসনটিতে বসলাম। উদ্দেশ্য একটাই, ১৮টি বছর পেছনের আসন থেকে পশ্চােদশে যে পরিমাণ পদাঘাত খেয়েছি, তার একটু শোধ নেওয়া।
আমার কন্যা তখন কিন্ডারগার্টেনে। কাজ থেকে আসার পরই মেয়ের আমার পাশে বসে নানা সব আলাপ করার অভ্যাস। নানা সব জ্ঞানবুদ্ধির আলাপ। আমি প্রায়ই বলি, ‘মা তোমার মাথায় অনেক বুদ্ধি।’ মেয়ের প্রশ্ন, ‘আমি এত বুদ্ধি কি তোমার কাছ থেকে পেয়েছি, বাবা?’ আমি বলি, ‘মায়ের কাছ থেকে পেয়েছো, আমারটা তো এখনো জায়গামতোই আছে।’
বিদ্যুত্বাতি আবিষ্কারক টমাস আলভা এডিসনের বাবাকে নিয়ে যুক্তরাষ্ট্রে একটি গল্প চালু রয়েছে। রাত জেগে এডিসন তাঁর আবিষ্কার নিয়ে মত্ত। বাবা বলছেন, ‘বাতি আবিষ্কার করেছ তো কী হয়েছে? এখন অনেক রাত, বাতিটা নিভিয়ে ঘুমাতে যাও।’
স্পেন দেশের এক বাবার গল্প তো অনেকেরই জানা। ডানপিটে ছেলেকে নিয়ে অতিষ্ঠ বাবা কড়া শাসন করার পর ছেলে গৃহত্যাগ করেছে। বাবা রবার্টো হন্যে হয়ে ছেলের খোঁজে। পাগলপ্রায় বাবা মাদ্রিদের বিখ্যাত এক পত্রিকায় বিজ্ঞাপন দিলেন। ‘বাবা হোজে, তোমার সব অপকর্ম ক্ষমা করে দেওয়া হলো। ঘোষণাটি দেখার পরপরই তুমি পত্রিকা অফিসের সামনে চলে আসো।’ পরদিন দেখা গেল কয়েক হাজার হোজের ভিড় মাদ্রিদের পত্রিকা অফিসটির সামনে। উল্লেখ্য, করিম-রহিমের মতো হোজে স্পেনে বহুল ব্যবহূত একটি নাম।
বাবারা এভাবেই হোজেদের ক্ষমা করে আসছেন। বাবা দিবসে এখন ঘটা করে উপহার পাই। পুত্র-কন্যার দেওয়া কার্ডে লেখা থাকে, ‘ইউ আর এ গ্রেট ড্যাড’। বুকটা মোচড় দিয়ে ওঠে বেদনার তীব্র হাহাকারে। আদর্শ স্কুলশিক্ষক বাবার শান্ত সুবোধ পুত্র ছিলাম, এমন দাবি করার কোনো কারণ নেই। কৈশোর থেকে যৌবনের নানা সব দুরন্তপনা। কড়া শাসন লঙ্ঘন করার প্রথম পাঠ তো সেখান থেকেই। কোনো দিন বলা হয়নি, ‘বাবা তুমি মহান’। আমাদের তো আলাদা কোনো বাবা দিবস ছিল না। বাবাকে নিয়েই, তাঁকে কেন্দ্র করেই ছিল আমাদের জীবন। আমরা সব ভাইবোন এখন দূর দেশে থাকি। বাবা চিরনিদ্রায় শুয়ে আছেন আজও পাড়া গ্রামের শান্তসমাধিতে। ইচ্ছে করলেও কবরের পাশে দাঁড়াতে পারি না। আনন্দ-বেদনার প্রতিটি সময়ে বুকটা হাহাকার করে ওঠে। চিত্কার করে বলতে ইচ্ছে করে, ‘তোমাকে ধারণ করেই আমাদের যাপিত জীবন বাবা, তুমি কি দেখছো, আমরা ভালো আছি।’
বাবা দিবসে এখন উপহার পাই। উত্সব আনন্দে দিনটি কাটে। ছেলেমেয়ের লেখা সব মায়াবী কথামালা। দিবসটিকে প্রাধান্য দিয়ে ঘরে বিশেষ খাবারের আয়োজন থাকে। ছেলেমেয়েকে নিয়ে আমি আমার বাবার গল্প বলি। স্নেহ, ভালোবাসা আর নানা সব শাসন অনুশাসনের গল্প শোনাই। এসব পারিবারিক আয়োজনের মধ্যে একজন মানুষের ভেজা চোখ এড়িয়ে যেতে পারি না। মানুষটির জীবনে কাউকে বাবা ডাকার সুযোগ হয়নি। আমার স্ত্রীর জন্মের তিন মাসের মাথায় তাঁর বাবার অকালমৃত্যু ঘটে। বাবা নিয়ে যত সব উচ্ছ্বাস আয়োজনে এ মানুষটির বেদনার হাহাকার তো ভিন্ন মাত্রার।