বাবার জন্য উপহার গাদ্দাফির টুপি
বাবাকে তিনি উপহার দেবেন লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির টুপি। আল-বিনদি নামের এই বিদ্রোহী গত মঙ্গলবার ত্রিপোলির বাব আল-আজিজিয়ায় গাদ্দাফির বাসভবন থেকে সেনা-টুপিটি বাগান। এ সময় অনেক অস্ত্র ও গাদ্দাফির স্মৃতিস্মারকও নিয়ে যান বিদ্রোহীরা। লাল ও ধূসর রঙের এই টুপিতে সোনালি সুতায় কাজ করা। যুক্তরাজ্যের বার্তা সংস্থা স্কাই নিউজের সঙ্গে কথা বলার সময় আল-বিনদি বলেন, ‘আমি বাব আল-আজিজিয়ায় এসে সোজা গাদ্দাফির কক্ষে ঢুকে গেলাম। আমার তখন এমন অনুভূতি—হায় আল্লাহ, এ কোথায় এলাম! আর তখনই পেয়ে গেলাম টুপিটা।’ বিনদি বলেন, ‘এই টুপি আমার বাবাকে উপহার দেব। গাদ্দাফি ও তাঁর অনুসারীদের কারণে তাঁকে অনেক দুর্ভোগ পোহাতে হয়েছে।’ বেশ বড় একটি সোনার হার ছিল বিদ্রোহী বিনদির গলায়। হাতে ছিল এমন এক দণ্ড, যা কোনো অনুষ্ঠানে ব্যবহূত হতে পারে। খেয়ালি আচরণের জন্য গাদ্দাফির পরিচিতি রয়েছে।আল-বিনদি বলেন, ত্রিপোলিতে আসার আগে তিনি বিদ্রোহী সহযোদ্ধাদের সঙ্গে পশ্চিমাঞ্চলীয় পার্বত্য এলাকায় গাদ্দাফির অনুগত সেনাদের সঙ্গে লড়েছেন। এ সপ্তাহে গাদ্দাফির শক্ত ঘাঁটি দখল করেন তাঁরা। এএফপি।