বাবার জন্য চাকরি চাইল মেয়েটি
ফার্স্টলেডি মিশেল ওবামার সামনে যাওয়ার সুযোগ যখন এল, ১০ বছরের ফুটফুটে মেয়ে শার্লোট বেলের চাওয়া তখন একটিই। কয়েক বছর ধরে বেকার থাকার বাবার জন্য চাকরি।
বাবার জীবনবৃত্তান্ত লেখা কাগজটা কাঁপা কাঁপা হাতে ফার্স্টলেডির হাতে তুলে দিল শার্লোট। চোখ বুলিয়ে মমতায় ভিজে গেলেন মিশেল। দুই হাতে জড়িয়ে ধরলেন শিশুটিকে। শার্লোটের মা ওবামা প্রশাসনের চাকরিজীবী। তিনি তাঁর নাম প্রকাশে অনিচ্ছুক। শার্লোটের বাবা ২০১২ সালের নির্বাচনে ওবামার নির্বাচনী প্রচারণায় কাজ করেন।

বিবিসি অনলাইনের খবরে জানা যায়, সম্প্রতি হোয়াইট হাউসের কর্মীদের শিশুদের সঙ্গে মতবিনিময় করছিলেন মিশেল ওবামা। এ সময় তিনি শিশুদের বলছিলেন, মা-বাবা যেমন তাদের যত্ন নেন, তেমনি শিশুদেরও উচিত মা, বাবার যত্ন করা। ঠিক এ সময় শার্লোট বেল বাবার জীবনবৃত্তান্ত তুলে দেয় মিশেলের হাতে। কয়েক বছর ধরে তার বাবা কর্মহীন। কর্মহীন বাবার কষ্ট সহ্য করতে পারছিল না শিশুটি। তাই লুকিয়ে বাবার জীবনবৃত্তান্ত নিয়ে এসেছে সে। ভেবেছে যুক্তরাষ্ট্রের ক্ষমতাধর মিশেল নিশ্চয় তার বাবার জন্য ছোট্ট একটি চাকরি জোগাড় করে দিতে পারবে।
বাবার জন্য মেয়ের এই ভালোবাসা দেখে নিজেকে সামলাতে পারেননি মিশেল। দুই হাতে তিনি জড়িয়ে ধরেন শার্লোটকে। তার কাছ থেকে জীবনবৃত্তান্তটি সযত্নে নিয়ে নেন।
শার্লোটের মা বলেন, কিছুদিন আগে স্বামীর সঙ্গে তিনি আলোচনা করেছিলেন। তাঁরা নিজেরা মজা করে বলেছিলেন ফার্স্টলেডির কাছে চাকরি চাইবেন। তবে মা ভাবতেও পারেননি এ কথা শুনে শার্লোট এ কাজ করবে।