
নেলসন ম্যান্ডেলার মেয়ে জিন্দজি ম্যান্ডেলা বলেছেন, বাবার মারা যাওয়ার খবর শোনার পর থেকে এখন পর্যন্ত তাঁর চোখে জল আসেনি। তবে মন গভীর বেদনায় ছেয়ে গেছে ঠিকই। শুক্রবার সোয়েটোতে যুক্তরাজ্যের আইটিভি চ্যানেলকে এ কথা বলেন তিনি।
জিন্দজি বলেন, ‘বাবার মৃত্যুর খবর শুনে আমি কান্নায় ভেঙে পড়েছিলাম বলে যেসব খবর প্রচারিত হয়েছে, সেগুলো ঠিক নয়, ভিত্তিহীন।’
দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা ম্যান্ডেলার শেষ মুহূর্তগুলোর বর্ণনা দিয়ে জিন্দজি জানান, বাবার দীর্ঘ কারাবাসের সময় তাঁর সঙ্গে কিছুটা তিক্ততা হয়েছিল। পরে মিটমাট হলে মন খুশিতে ভরে গিয়েছিল আবার।
জিন্দজি ও তাঁর মা উইনি মাদিকিজেলা ম্যান্ডেলার (ম্যান্ডেলার দ্বিতীয় স্ত্রী) একটি যৌথ টেলিভিশন সাক্ষাৎকার প্রচার করেছে আইটিভি। এতে জিন্দজি বলেছেন, বাবার মৃত্যুর সময় তাঁর পাশে থাকতে পারেননি বলে প্রথমে ‘নিজেকে অপরাধী মনে হয়েছিল’।
ম্যান্ডেলার মৃত্যুর সময় জিন্দজি ম্যান্ডেলা: লং ওয়াক টু ফ্রিডম চলচ্চিত্রের প্রিমিয়ার শো দেখছিলেন। সেখানে খবর পাওয়ার পর তিনি কান্নায় ভেঙে পড়েন বলে সংবাদমাধ্যমে খবর বেরিয়েছিল। এর সত্যতা উড়িয়ে দিয়ে জিন্দজি বলেন, ‘এসব খবর ঠিক নয়। আজও আমার চোখ থেকে এক ফোঁটা পানি ঝরেনি। বাবাকে হারিয়ে গভীর ব্যথার অনুভূতি জন্ম হয়েছে যদিও। তবে কাঁদিনি।’
বাবার সঙ্গে রাগে-দুঃখে একবার সম্পর্ক ছিন্ন করেছিলেন। জিন্দজি বলেন, ‘বিশেষ করে মায়ের সঙ্গে যে ব্যবহার তিনি করেছিলেন, এতে খুব রাগ হয়েছিল।’
অভিমানে কিছুদিন দূরে সরে থাকার পর বাবার কাছে ফিরে আসার কথাও জানান জিন্দজি। তিনি বলেন, ‘আবার ফিরে এলাম তাঁর কাছে। তখন আমার অভিমানের কথা বলেছিলাম। জানিয়েছিলাম বছরের পর বছর কী ব্যথা সয়েছিলাম। তাঁর কাছে গুরুত্ব না পেয়ে তখন আমার কেমন অনুভূতি হতো সে কথাও জানিয়েছিলাম।’
জিন্দজির বিশ্বাস, ম্যান্ডেলা পরলোক গমনের জন্য এমন সময় ‘বেছে নিয়েছিলেন’, যাতে পরিবারের সদস্যরা সারা বিশ্বে তাঁর অন্তরের বার্তা পৌঁছে দিতে পারেন।
জিন্দজি বলেন, ‘বাবা বলতে চেয়েছিলেন, আমার আদর্শ বিশ্ববাসীকে স্মরণ করিয়ে দেওয়া হোক। আমার আত্মত্যাগের মর্ম তুলে ধরা হোক। আমি কোথায় আছি, এটা বড় কথা নয়।’ আইটিভি।