বামদের তৃণমূলে যোগ দিতে বললেন মমতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধর্মতলায় এক জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: ভাস্কর মুখার্জি, কলকাতা
ধর্মতলায় এক জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: ভাস্কর মুখার্জি, কলকাতা

মূল্যবোধসম্পন্ন বামপন্থীদের তৃণমূল কংগ্রেসে যোগদানের আহ্বান জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সোমবার দুপুরে কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলায় এক জনসভায় মমতা এ আহ্বান জানান।
এই সমাবেশেই কংগ্রেসের তিন এবং সিপিএমের একজন বিধায়ক তৃণমূলে যোগ দিয়েছেন। মমতা বক্তৃতায় বুঝিয়ে দিয়েছেন, তাঁর প্রধান রাজনৈতিক শত্রু বিজেপি। বিজেপিই এখন তৃণমূলের প্রধান প্রতিপক্ষ। আগে ছিল সিপিএম। তৃণমূলের নেত্রী বলেন, বিজেপি সাম্প্রদায়িক দল। পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িকতার স্থান নেই। আগামী নির্বাচনে বিজেপি এই রাজ্যে শূন্য হয়ে যাবে।
দলের নেতাদের প্রতি হুমকি দিয়ে মমতা বলেন, দলে কোনো গোষ্ঠীবাজিকে বরদাস্ত করা হবে না। লবি করা চলবে না। যোগ্য ব্যক্তিরাই দলে ঠাঁই পাবেন। তিনি বলেন, ‘টাকা দিয়ে রাজনীতি করি না, করিনি। আপনারাও কোনোও টাকা-পয়সা দেবেন না, নেবেন না। গোষ্ঠীবাজি করবেন না। টাকা দরকার হলে আমি আবার ছবি এঁকে, লেখালেখি করে টাকা জোগাড় করে দেব। কিন্তু দলে কোনো চাঁদাবাজি চলবে না।’