বারবার গর্ভপাতে অকাল প্রসবের ঝুঁকি বাড়ে!
প্রথম সন্তান জন্ম দেওয়ার আগে একজন নারীর যতবার গর্ভপাত করা হয়, তার অকালপ্রসবের ঝুঁকিও তত বাড়ে। ফিনল্যান্ডের একটি গবেষণায় এ তথ্য পাওয়া গেছে।প্রথমবার মা হয়েছেন এমন তিন লাখ ৮৫৮ জন নারীর কাছ থেকে ১৯৯৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত সময়ে সংগৃহীত তথ্য-উপাত্তের ভিত্তিতে এ গবেষণা করা হয়। হিউম্যান রিপ্রডাকশন সাময়িকীতে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়, অন্তত তিনবার গর্ভপাত হয়েছে এমন নারীদের অকালপ্রসবের (২৮ সপ্তাহের আগে সন্তান ভূমিষ্ঠ হওয়া) সম্ভাবনা তিন গুণ বেশি। এ ধরনের প্রসবে জন্মানো শিশুদের সংক্রমণ, হাইপোথারমিয়া (শরীরের তাপমাত্রা অস্বাভাবিক রকম কমে যাওয়া) ও মৃত্যুর ঝুঁকি তুলনামূলক বেশি। গবেষণায় দেখা যায়, কখনো গর্ভপাত করানো হয়নি এমন প্রতি এক হাজার নারীর মধ্যে অকালপ্রসব হয়েছে তিনজনের। একবার গর্ভপাত করানো নারীদের ক্ষেত্রে হয়েছে চারজনের, দুবার গর্ভপাতের ক্ষেত্রে ছয়জনের এবং তিন বা আরও বেশিবার গর্ভপাতের ক্ষেত্রে ১১ জনের অকালপ্রসব হয়েছে। অর্থাৎ গর্ভপাতের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে অকালপ্রসবের সংখ্যা বেড়েছে। এ ছাড়া ৩৭ সপ্তাহের আগে ভূমিষ্ঠ এবং কম ওজন নিয়ে জন্ম নেওয়া শিশুদের ক্ষেত্রেও একই রকম ফলাফল এসেছে। তবে প্রথমবার প্রসবের আগে অন্তত তিনবার গর্ভপাত করিয়েছেন এমন নারীর সংখ্যা ছিল গবেষণায় অংশগ্রহণকারীদের মাত্র শূন্য দশমিক তিন শতাংশ।গবেষণার নেতৃত্বে ছিলেন হেলসিংকির জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ ইনস্টিটিউটের রেইজা ক্লেমেটি। তিনি বলেন, ‘আমাদের গবেষণার ফলাফল অনুযায়ী প্রথম প্রসবের আগে কমপক্ষে তিনবার গর্ভপাত করিয়েছেন এমন নারীদের অকালপ্রসবের ঝুঁকি বেশি। তবে এক বা দুবার গর্ভপাত করানো নারীদের ক্ষেত্রে এই ঝুঁকি কম।’ বিবিসি।