বারবি পুতুলের দোকান বন্ধ করে দিয়েছে ইরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানে বারবি পুতুল বিক্রি করায় কয়েকটি খেলনার দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। পশ্চিমা সংস্কৃতির প্রচারণার বিরুদ্ধে কয়েক দশক ধরে চলা অভিযানের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। গত শুক্রবার দেশটির আধাসরকারি বার্তা সংস্থা মেহের এ কথা জানায়। সাধারণত বারবি পুতুলের পরনে থাকে সাঁতারের পোশাক ও মিনি স্কার্টের মতো পোশাক। তবে ইরানের রক্ষণশীল সমাজব্যবস্থায় প্রকাশ্য স্থানে মেয়েদের মাথায় স্কার্ফ পরা বাধ্যতামূলক। অজ্ঞাতনামা পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা মেহের জানায়, তেহরানের কয়েকটি দোকান থেকে কর্তৃপক্ষ বারবি পুতুল বাজেয়াপ্ত করেছে। ইরানে নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে বারবি পুতুল বিক্রির ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। ১৯৯৬ সালে ইরানের সরকার-সমর্থিত একটি শিশুবিষয়ক সংস্থা বারবি পুতুলকে ‘ট্রোজান হর্স’ (কম্পিউটারের একটি ভাইরাসের নাম) হিসেবে আখ্যায়িত করে। বারবি পুতুলের সাজ ও পোশাকে পশ্চিমা সংস্কৃতির প্রভাব থাকে বলে এ আখ্যা দেওয়া হয়। ২০০২ সালে ইরানের কর্তৃপক্ষ নিজেদের প্রচলিত মূল্যবোধ আর শালীন পোশাকের সমন্বয়ে তৈরি দারা ও সারা নামের পুতুল বাজারে ছাড়ে। তবে সেগুলো বারবি পুতুলের জনপ্রিয়তাকে কমাতে পারেনি। এপি অনলাইন।