বারলুসকোনির নামে ছেলের নাম রেখেছেন অভিবাসী বাবা
অভিবাসীদের ব্যাপারে কঠোর নীতি নেওয়ার পরও ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনির নামে ঘানার এক অভিবাসী বাবা তাঁর ছেলের নাম রেখেছেন। নারী কেলেঙ্কারি ও হঠকারীমূলক আচরণের অভিযোগ থাকার পরও প্রধানমন্ত্রী বারলুসকোনিকে একজন মহান নেতা হিসেবে মনে করেন ঘানার ওই অভিবাসী অ্যান্থনি বোয়াহেন।৩৬ বছর বয়সী অ্যান্থনি পেশায় একজন কামার। ২০০২ সাল থেকে ইতালিতে বাস করছেন তিনি। অ্যান্থনি বলেন, ‘বারলুসকোনি যেভাবে কথা বলেন এবং যেরকম আচরণ করেন, আমি তা পছন্দ করি। ব্যক্তি হিসেবে আমি তাঁকে পছন্দ করি, যদিও রাজনীতির তেমন খোঁজখবর রাখি না।’অ্যান্থনির ছেলে সিলভিও বারলুসকোনি বোয়াহেনের জন্ম হয় ২০০৫ সালে ঘানার রাজধানী আকরায়। এক মাস আগে তাকে ইতালির উত্তরাঞ্চলের মোদেনা শহরে নিয়ে আসেন অ্যান্থনি। সেখানে অ্যান্থনির আরও দুই সন্তান রয়েছে। তিন বছরের মধ্যে ইতালির নাগরিক হতে পারে ছোট্ট বারলুসকোনি।বারলুসকোনি সরকারের কঠোর অভিবাসননীতির ব্যাপারে মতামত জানতে চাইলে অ্যান্থনি বোয়াহেন ইতালির একটি সংবাদপত্রকে বলেন, এটা ঠিক আছে, অভিবাসনের ব্যাপারে আইনের প্রয়োজন রয়েছে।ছেলে সম্পর্কে অ্যান্থনি বলেন, ‘এই শিশু ভবিষ্যতে ঘানা অথবা ইতালির প্রেসিডেন্ট হবে কি না, সেটা আমার চিন্তার বিষয় নয়। আমি চাই, সে রাজনীতি নিয়ে পড়াশোনা করুক এবং নিজেকে প্রস্তুত করুক।’প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনি তাঁর নামে শিশুর নাম রাখার ব্যাপারে কোনো কথা বলেননি। তবে তাঁর প্রতিদ্বন্দ্বীরা মনে করছেন, ইতালির জন্য একজন সিলভিও বারলুসকোনিই যথেষ্ট। এএফপি ও বিবিসি।