বারলুসকোনির সঙ্গ পাওয়ার জন্য বান্ধবীরা উন্মুখ!
বয়স ৭৩ পার হয়েছে। খ্যাতি-যশও কম নয়। ইতালির মতো একটি দেশের প্রধানমন্ত্রী। কিন্তু কিসে কী। প্রকাশ্যে এ বয়সেও নিজের প্রেমবিলাসের কথা জানালেন সিলভিও বারলুসকোনি। আর তাঁরইবা কী দোষ। বান্ধবীরাই নাকি তাঁর সঙ্গ পেতে উন্মুখ হয়ে আছেন। বান্ধবীদের সেই ডাকে সাড়া দিতে নিজেও নাকি প্রস্তুত, জানালেন বারলুসকোনি।ইতালির প্রধানমন্ত্রী গত শুক্রবার রোমে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে রসিকতা করে এসব কথা বলেন। বারলুসকোনি বলেন, ‘প্রেম করতে তাঁর কোনো সমস্যা নেই। কারণ, তিনি এখন একা।’ বান্ধবীরা নাকি তাঁর সঙ্গ পেতে উন্মুখ হয়ে আছেন, এমনটি মজা করে তিনি বলেন, ‘তাঁরা (বান্ধবীরা) আমার সঙ্গে সময় কাটানোর জন্য লাইন ধরে আছেন।’ কোন বান্ধবীকে চিঠি লিখতে চান, সাংবাদিকদের এমন এক প্রশ্নে বারলুসকোনি বলেন, তিনি সব বান্ধবীকেই চিঠি লিখতে পছন্দ করেন। ২০০৯ সালের ডিসেম্বরে বারলুসকোনির ওপর মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি হামলা চালায়। এতে তাঁর নাক ফেটে যায় এবং দুটি দাঁত ভেঙে যায়। এ জন্য বেশ কয়েক দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। এ ঘটনায় তাঁর শুভাকাঙ্ক্ষীরা সহানুভূতি জানিয়ে তাঁকে যেসব চিঠি লিখেছিলেন, সেগুলো নিয়েই এ বইটি লেখা হয়েছে। গত বছর এক তরুণীর সঙ্গে বারলুসকোনির গোপন প্রেমের ঘটনা ফাঁস হয়ে যাওয়ায় ইতালিতে ব্যাপক হইচই হয়। এ ঘরের শান্তিও উবে গিয়েছিল তাঁর। স্ত্রী ভেরোনিকা ল্যারিও বিবাহবিচ্ছেদের জন্য আদালত পর্যন্ত যান। বিষয়টি এখনো অমীমাংসিত থাকায় বারলুসকোনি দম্পতি আপাতত আলাদাই থাকছেন। পিটিআই।