যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়নপ্রত্যাশী মিট রমনি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কঠোর সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেন, ‘ওবামা ধর্মের বিরুদ্ধে যুদ্ধ করছেন।’গতকাল বুধবার রিপাবলিকান মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে বিতর্ক অনুষ্ঠিত হওয়ার কথা। তার আগে মিশিগান অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারণা চালানোর সময় গত মঙ্গলবার রমনি ওবামার বিরুদ্ধে এ অভিযোগ করলেন। প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ঠিক করতে যুক্তরাষ্ট্রে রিপাবলিকান দলের প্রাথমিক বাছাই চলছে। এতে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের সাবেক গভর্নর মিট রমনিই এগিয়ে আছেন। প্রতিদ্বন্দ্বিতায় আছেন পেনসিলভানিয়ার সাবেক সিনেটর রিক স্যানটোরাম, টেক্সাস অঙ্গরাজ্যের কংগ্রেসম্যান রন পল ও প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার নিউট গিংরিচ।রমনি প্রেসিডেন্ট ওবামার সমালোচনা করে বলেন, ওবামার প্রশাসন ‘ধর্মের বিরুদ্ধে যুদ্ধে’ নেমেছে। এ সময় তিনি ওবামার অর্থনৈতিক নীতিরও কঠোর সমালোচনা করেন। ২৮ ফেব্রুয়ারি আরিজোনা ও মিশিগান অঙ্গরাজ্যে রিপাবলিকান দলের প্রাথমিক বাছাই অনুষ্ঠিত হওয়ার কথা। মিশিগান রমনির জন্য গুরুত্বপূর্ণ, কারণ এখানেই তাঁর জন্ম এবং তাঁর বাবা এই অঙ্গরাজ্যের গভর্নর ছিলেন। আরিজোনাও রমনির শক্ত ঘাঁটি বলে পরিচিত। এএফপি ও বিবিসি।