বারাক ওবামা নট আউট ৫০ মনমোহন ৪৭
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার অর্ধশতক পূর্ণ হয়ে গেছে। আরও চার বছর তিনি চালিয়ে যাবেন। আর ভারতের প্রধানমন্ত্রী অর্ধশতক থেকে পিছিয়ে আছেন মাত্র তিন ঘর। ক্রিকেট নয়, দেশ সফর নিয়ে ওবামা-মনমোহনের অর্ধশতক হিসাব করা হচ্ছে।ওবামা গতকাল সোমবার মিয়ানমার থেকে কম্বোডিয়া সফরে গেছেন। প্রেসিডেন্ট হিসেবে ওবামার সফর করা ৫০তম দেশ এটি। কম্বোডিয়ার রাজধানী নমপেনে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সংস্থা আসিয়ানের শীর্ষ সম্মেলন হচ্ছে। সম্মেলনের পাশাপাশি ওবামার সঙ্গে বৈঠক হবে মনমোহনের। কম্বোডিয়া হচ্ছে মনমোহনের সফর করা ৪৭তম দেশ। ভারতের প্রধানমন্ত্রী এর আগে গেছেন ৪৬টি দেশে।বিদেশ সফরে ওবামা-মনমোহন প্রায় সমানে সমান মনে হলেও মনমোহন ক্ষমতায় আসেন ওবামার চেয়ে আরও চার বছর আগে। ওবামার প্রথম মেয়াদের চার বছর শেষ হচ্ছে আগামী জানুয়ারিতে। আর প্রধানমন্ত্রী মনমোহন প্রথম ও দ্বিতীয় মেয়াদ মিলে এরই মধ্যে সাড়ে আট বছর পার করে ফেলেছেন। কাজেই বিদেশ সফরের দিক দিয়ে মনমোহনের চেয়ে ওবামার স্ট্রাইক রেট দ্বিগুণের বেশি।বিদেশ সফরে অর্ধশতক পূর্ণ করা প্রথম মার্কিন প্রেসিডেন্ট ওবামা। তাঁর আগের দুই প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও বিল ক্লিনটন দুজনই ওবামার মতো দুই মেয়াদ করে হোয়াইট হাউসে ছিলেন। আট বছরে তাঁরা দুজনই সফর করেছেন ৪৭টি করে দেশ। এক মেয়াদেই সেই সংখ্যাকে ছাড়িয়ে গেলেন ওবামা। টাইমস অব ইন্ডিয়া।