
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা অথবা জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল জাতিসংঘের মহাসচিব হতে চান এমন কোনো ইঙ্গিত তাঁরা দেননি। তাতে কী? একদল মানুষের জল্পনা-কল্পনায় এ দুজনের নামই উঠে আসছে।
এ বছরের শেষ নাগাদ জাতিসংঘের নতুন মহাসচিব নির্বাচিত হওয়ার কথা। আর আগামী বছরের ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে ওবামার দ্বিতীয় দফার মেয়াদ শেষ হবে। অন্যদিকে ম্যার্কেলের তৃতীয় মেয়াদ শেষ হবে ২০১৭ সালে। জল্পনাকারীদের হিসাবে, ওবামা বা ম্যার্কেল উভয়ের জন্যই জাতিসংঘের মহাসচিবের দায়িত্ব গ্রহণ অবাস্তব কোনো কথা নয়।
ম্যার্কেলের কথাটি উঠেছিল গত বছর। লুক্সেমবুর্গের একটি পত্রিকা মহাসচিব হিসেবে তাঁর নাম প্রস্তাব করলে ম্যার্কেলের একজন মুখপাত্র একে ‘বাজে কথা’ বলে উড়িয়ে দিয়েছিলেন।
কিন্তু তারপরও বিষয়টির ‘মৃত্যু’ হয়নি। জাতিসংঘের মহাসচিব হিসেবে বারবার ম্যার্কেলের নাম ওঠার একটা বড় কারণ, পরবর্তী মহাসচিব পূর্ব ইউরোপ থেকে আসার কথা। একজন নারীর এবার মহাসচিব হওয়ার সময় এসেছে, চলতি মহাসচিব বান কি মুনসহ অনেকেই এমন কথা বলেছেন। গত বছর জার্মানির দায়িত্বশীল পত্রিকা ডার স্পিগেল জানায়, ম্যার্কেল চতুর্থবার প্রতিদ্বন্দ্বিতা করবেন না এবং ২০১৭ সালের আগেই পদত্যাগ করবেন। একটানা ১০ বছর ক্ষমতায় রয়েছেন ম্যার্কেল। এখনো তিনি প্রবল জনপ্রিয়। মধ্যপ্রাচ্য থেকে আসা উদ্বাস্তু পুনর্বাসনে নেতৃত্ব দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বিশেষভাবে আলোচিত হয়েছেন, নোবেল শান্তি পুরস্কারের জন্যও তাঁর নাম প্রস্তাব করা হয়।
অন্যদিকে, মহাসচিব হিসেবে ওবামার নামটি এসেছে ইসরায়েল থেকে। এ বছরের গোড়ার দিকে কুয়েতি পত্রিকা আল-জারিদা জানায়, ইসরায়েলি প্রধানমন্ত্রী শুনেছেন যে ওবামা জাতিসংঘের মহাসচিব হতে চান। ওবামা ইরান ও কোনো কোনো আরব দেশের পক্ষাবলম্বন করেছেন। অতএব, তিনি মহাসচিব হলে তা ইসরায়েলের জন্য মহাদুর্যোগ, সেই বিবেচনা থেকে নেতানিয়াহু ওবামাকে যেকোনো মূল্যে ঠেকানোর উদ্দেশে সৌদি আরব ও অন্যান্য আরব দেশের সঙ্গে শলা-পরামর্শ চালাচ্ছেন বলে পত্রিকাটি জানায়। এর কিছুদিন পর দায়িত্বশীল ইসরায়েলি দৈনিক জেরুজালেম পোস্ট নেতানিয়াহুর দপ্তরের সূত্র উল্লেখ করে জানায়, কুয়েতি পত্রিকার খবরটি ডাহা গুজব নয়। পোস্টের দাবি অনুযায়ী, ‘ওবামাকে ঠেকাও’ নামে একটি প্রকল্পও নাকি ইসরায়েলি প্রধানমন্ত্রী গ্রহণ করেছেন।
ব্যাপারটি এখানেই শেষ নয়। এ বছরের গোড়ার দিকে দক্ষিণপন্থী দৈনিক ওয়াশিংটন টাইমস-এর সম্পাদকীয় পরিষদ এক যৌথ নিবন্ধে প্রস্তাব রাখে, ‘যেভাবেই হোক ওবামার জাতিসংঘের মহাসচিব হওয়া ঠেকাতে হবে।’ ‘এটি আমেরিকার জন্য খুবই খারাপ একটি খবর। এই গুজবে সর্বশেষ জলসিঞ্চন করেছেন সাবেক রিপাবলিকান কংগ্রেস উওম্যান মিশেল বাখম্যান। সম্প্রতি একটি দক্ষিণপন্থী রেডিওর সঙ্গে এক সাক্ষাৎকারে বাখম্যান দাবি করেন, তিনি নির্ভরযোগ্য সূত্রে জেনেছেন যে ওবামা সারা বিশ্বে নিজের প্রতিপত্তি অক্ষুণ্ন রাখার লক্ষ্যে জাতিসংঘের মহাসচিব হওয়ার পরিকল্পনা করেছেন।