বারাক ওবামার কড়া সমালোচনা করলেন সারাহ পেলিন ও জন ম্যাককেইন
দীর্ঘ বিরতির পর আবার এক মঞ্চে উঠলেন জন ম্যাককেইন ও সারাহ পেলিন। মঞ্চ গরম করলেন প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে বক্তব্য দিয়ে। গত শুক্রবার অ্যারিজোনা অঙ্গরাজ্যের টুসন নগরে এক জনসভায় উপস্থিত হন সারাহ পেলিন। উদ্দেশ্য অ্যারিজোনার সিনেট নির্বাচনে রিপাবলিকান পার্টির সিনেটর জন ম্যাককেইনকে পুনর্নির্বাচিত করতে সহযোগিতা করা। ২০০৮ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ম্যাককেইন ও পেলিন যথাক্রমে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী ছিলেন। প্রেসিডেন্ট নির্বাচনের সময় আলাস্কা অঙ্গরাজ্যের অখ্যাত গভর্নর সারাহ পেলিনকে নাটকীয়ভাবে রাজনৈতিক মঞ্চে নিয়ে এসেছিলেন জন ম্যাককেইন। নির্বাচনে বারাক ওবামার কাছে জন ম্যাককেইন হেরে যান। এরপর ভাইস প্রেসিডেন্ট প্রার্থী সারাহ পেলিনের সঙ্গেও তাঁর সম্পর্কের অবনতি ঘটে। ম্যাককেইন-শিবির থেকে পেলিনের সমালোচনা করা হয়। অপরিপক্ব আচরণ ও বেফাঁস কথা বলে নির্বাচনে ক্ষতি করেছেন, এমন অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। নির্বাচনে হেরে গেলেও সারাহ পেলিন রক্ষণশীল আমেরিকানদের কাছে এখন তারকা। বই লিখে সাড়া জাগিয়েছেন। বইতে নির্বাচনী প্রচারণার সময় জন ম্যাকেইনের প্রচারণা-কর্মীদের নানা কথা লিখেছেন নিজের জবানিতে। এর মধ্যে পদত্যাগও করেছেন রাজ্য গভর্নর পদ থেকে। মোটা অর্থের বিনিময়ে বক্তৃতা করে বেড়ান। মোটা অঙ্কের সম্মানি নিয়ে ফক্স নিউজের টক শো পরিচালনার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।তারকা-ভাবমূর্তি নিয়েই অ্যারিজোনার নির্বাচনী প্রচারণায় উপস্থিত হন সারাহ পেলিন। তিনি মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই ম্যাককেইনের হাজার হাজার সমর্থক ‘সারাহ’, ‘সারাহ’ বলে চিত্কার করে ওঠেন। সারাহ পেলিন তাঁর বক্তৃতায় বলেন, রক্ষণশীলদের আজ জন ম্যাককেইনকে সমর্থন করা উচিত। তিনি বলেন, বারাক ওবামা যে স্বাস্থ্যসেবা আইন প্রণয়ন করেছেন, আদালতের রায়ে তা পাল্টে যাবে। স্বাস্থ্যসেবা আইনকে ‘ওবামা কেয়ার’ উল্লেখ করে সারাহ পেলিন বলেন, ‘আমরা দেখছি কিউবার নেতা ফিদেল কাস্ত্রো “ওবামা কেয়ার” পছন্দ করছেন, অথচ আমরা করছি না।’ এর মধ্যেই সব প্রশ্নের উত্তর রয়েছে বলে তিনি উল্লেখ করেন। জন ম্যাককেইনও তাঁর বক্তব্যে প্রেসিডেন্ট বারাক ওবামার উদারনৈতিক নীতিমালার কঠোর সমালোচনা করেন। উল্লেখ্য, অভিবাসন সংস্কারের পক্ষে অবস্থান নেওয়ার কারণেই নির্বাচনী এলাকায় চ্যালেঞ্জের মুখে পড়েছেন জন ম্যাককেইন। রিপাবলিকান হলেও জন ম্যাককেইন যথেষ্ট রক্ষণশীল নয় বলে আক্রমণের শিকার হচ্ছেন দলের ভেতর থেকেই।