বারাক ওবামার জিনিস চুরি!
ভ্রমণে জিনিসপত্র চুরি বা হারানোর ঘটনা বিরল নয়। তবে খোদ মার্কিন প্রেসিডেন্টের এ ধরনের ঘটনার শিকার হওয়াটা একেবারেই অপ্রত্যাশিত। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে গত মঙ্গলবার সেই ঘটনাই ঘটেছে। রিচমন্ড শহরের একটি হোটেলের পার্কিং থেকে বারাক ওবামার ভাষণে ব্যবহার্য বিভিন্ন অডিও-ভিডিও সরঞ্জামবাহী একটি ট্রাক চুরি হয়ে যায়। পরে অবশ্য গাড়িটি উদ্ধারও হয়েছে।মার্কিন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, চুরি হয়ে যাওয়া ওই ট্রাকের মধ্যে ছিল প্রেসিডেন্টের বক্তব্য দেওয়ার সময় ব্যবহূত পডিয়াম ও একটি টেলিপ্রম্পটার। ওই জিনিসপত্রের মূল্য দুই লাখ ডলার। রিচমন্ডের ওই হোটেলে নির্ধারিত একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার কথা ছিল ওবামার।যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগনের কর্মকর্তারা জানান, চুরি হওয়ার কিছুক্ষণের মধ্যেই গাড়িটি উদ্ধার করা হয়। তবে গাড়িটিতে কী কী জিনিসপত্র ছিল, সে ব্যাপারে তাঁরা কিছু বলেননি।কর্মসংস্থানবিষয়ক একটি নতুন বিলের পক্ষে প্রচারের জন্য ভার্জিনিয়া ও নর্থ ক্যারোলাইনাজুড়ে তিন দিনের বাসভ্রমণের অংশ হিসেবে রিচমন্ডে ওই বক্তৃতা করার কথা ছিল মার্কিন প্রেসিডেন্টের।এ ধরনের সফরে প্রেসিডেন্টের অডিও-ভিডিও যন্ত্রপাতির তত্ত্বাবধানের দায়িত্ব পালন করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।ট্রাক চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র জর্জ লিটল বলেন, সুনির্দিষ্টভাবে ওই ট্রাকটিই চুরি করার উদ্দেশ্য ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।জর্জ লিটল আরও বলেন, ‘ওই গাড়িতে কোনো বিশেষ কিংবা স্পর্শকাতর তথ্য ছিল বলে আমরা মনে করি না।’চুরি হয়ে যাওয়া ট্রাকের সব জিনিসপত্র ফিরে পাওয়া গেছে কি না, তা স্পষ্ট নয়। বিশেষ করে ওই টেলিপ্রম্পটারটি, বিরোধী দল রিপাবলিকান পার্টিতে ওবামার সমালোচকেরা যাকে বলেন ‘ওবামার ক্র্যাচ’। বিবিসি।