বারাক ওবামার নামে সন্তানের নাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো রাজনীতিকের প্রতি ভালো লাগার প্রকাশ ঘটাতে সন্তানের নাম ওই রাজনীতিকের নামে রাখার চেয়ে আর ভালো কোনো উপায় আছে কি না, পাঠক তা নিয়ে ভাবতে পারেন। তবে এ ধরনের ভালো লাগা জানাতে যুক্তরাষ্ট্রে নিজেদের পছন্দের প্রেসিডেন্টের নামে সন্তানের নাম রাখার প্রথাটি অনেক দিন ধরেই চলে আসছে। সে দেশে ফ্রাংকলিন নামটি জনপ্রিয়তায় শীর্ষে পৌঁছায় ১৯৩৩ সালে, যখন ফ্রাংকলিন রুজভেল্ট মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তাঁর দায়িত্ব পালন শুরু করেন। ডুয়েট নামটিও মার্কিনিদের পছন্দের তালিকায় সবচেয়ে আদৃত হয় ১৯৪৫ ও ১৯৫৩ সালে, প্রেসিডেন্ট ডুয়েট আইজেনহাওয়ারের আমলে। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নামের মোহনীয় শক্তি অন্য প্রেসিডেন্টদের নামগুলোকে ছাপিয়ে গেছে। যুক্তরাষ্ট্রের গণ্ডি পেরিয়ে কেনিয়া আর ব্রিটেনবাসীকেও ছুঁয়ে গেছে তাঁর নাম।প্রথম কালো প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসের বাসিন্দা হওয়ার জন্য ওবামা যখন নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন, তখন কেনিয়ায় বিশেষ করে সেখানকার নিয়ানজা প্রদেশের বাসিন্দারা ভালোভাবেই তাঁর প্রতি নজর রেখেছিলেন। কারণ ওটাই, ওবামার পিতৃভূমি। মার্কিন প্রেসিডেন্টের আদিনিবাসের কাছে বাসকারী এভেলিন আচিয়েং ওদোর বললেন, ‘যুক্তরাষ্ট্রে যেদিন প্রেসিডেন্ট নির্বাচন হয়, সেদিনই আমাদের চতুর্থ সন্তান জন্ম নেয়। তাই আমরা ছেলের নাম বারাক ওবামা রাখার সিদ্ধান্ত নিই। আমরা ওই দিনটি মনে রাখতে চেয়েছিলাম এবং মনে রাখতে চেয়েছিলাম প্রথম আফ্রিকান-আমেরিকান প্রেসিডেন্টকে। আমার এলাকায় বারাক ওবামা নামটিকে বেশ গুরুত্ব দেওয়া হয়। কারণ, মানুষ প্রেসিডেন্ট ওবামাকে পছন্দ করে, তাঁর বক্তৃতাকে পছন্দ করে।’কেনিয়ার স্থানীয় সোয়াহিলি ভাষায় বারাক ওবামা মানে ‘স্রষ্টার আশীর্বাদপুষ্ট ব্যক্তি’। এ অর্থের কারণেও মায়েরা সন্তানের নাম রাখার ক্ষেত্রে এ নামটিকে পছন্দ করছেন। ২০০৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দিন নিয়ানজা প্রদেশের কিসুমুর নিউ নিয়ানজা প্রভিনশিয়াল হসপিটালে ১৫টি শিশুর জন্ম হয়। এদের মধ্যে পাঁচটি ছেলের নাম রাখা হয় বারাক ওবামা আর তিনটি মেয়ের নাম রাখা হয় মিশেল। বারাক ওবামার স্ত্রীর নাম মিশেল ওবামা।ব্রিটেনেও ওবামার নামের জনপ্রিয়তা কম নয়। ইংল্যান্ডের উত্তর-পূর্বে নিউক্যাসল শহরে ভারতীয় বংশোদ্ভূত অমিত ও এমের চ্যাটার্জি দম্পতি তাঁদের সন্তানের নাম রেখেছেন আর্ট বারাক চ্যাটার্জি। তিনি আরও বলেন, ‘তাঁর (ওবামা) আকর্ষণীয় ব্যক্তিত্বে আমরা মুগ্ধ। তাঁর অতীতও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি তাঁকে কোনো নির্দিষ্ট বর্ণ-গোত্র নিয়ে কথা বলতে শুনিনি। কিন্তু তাঁর চারপাশে সবাই চামড়ার রং নিয়ে আলোচনা করে।’যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে নিজের চুল বাঁধার দোকানে ইশা ক্যাল্লাই এখন গ্রাহকদের সঙ্গে তাঁর পরিবারের নতুন সদস্য ওবামা আলহাজি কাবিনেখ কাব্বার পরিচয় করিয়ে দেন। ২০০৮ সালে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী বাছাইয়ের প্রচারণা চলার সময় নামটি মনে ধরে ইশার। ইশা বলেন, ‘আমি জানতাম হিলারি ক্লিনটন জিততে পারবেন না। তাই আমি সিদ্ধান্ত নিই ছেলে বা মেয়ে যেটাই হোক আমি সন্তানের নাম রাখব ওবামা।’ ২০০৮ সালের ৩ মে ইশার সন্তান জন্ম নেয়। নির্বাচনে ওবামা জেতার পর ইশা স্থানীয়ভাবে বেশ পরিচিত হয়ে ওঠেন। ইশা বলেন, ‘এলাকার অনেকেই আমার নাম পর্যন্ত জানে না, কিন্তু তারা আমাকে ওবামার মা বলে ডাকে।’ ইশা আরও বলেন, মার্কিন প্রেসিডেন্টের নামে সন্তানের নাম রাখার পর তিনি আশা করছেন, তাঁর সন্তানও একদিন ওবামার মতো সফল মানুষ হয়ে উঠবে। বিবিসি।