বারাদারের সঙ্গে দেখা করবেন আফগান প্রতিনিধিরা
শান্তি প্রতিষ্ঠায় উদ্যোগী আফগানিস্তানের প্রতিনিধিরা শিগগিরই পাকিস্তানে গিয়ে সম্প্রতি মুক্তি পাওয়া তালেবান নেতা মোল্লা বারাদারের সঙ্গে দেখা করবেন। আফগানিস্তানের সরকারি কর্মকর্তারা গতকাল বুধবার এ খবর জানিয়েছেন।
আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই এক বিবৃতিতে বলেছেন, তিনি যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে পাকিস্তানি প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে গত মঙ্গলবার আলোচনার মধ্য দিয়ে একটি সমঝোতায় পৌঁছেছেন। সেই অনুসারে আফগান প্রতিনিধিদের একটি দল শিগগিরই বারাদারের সঙ্গে দেখা করতে পাকিস্তান সফরে যাবে।
আফগান শান্তি-প্রক্রিয়া শুরুর অংশ হিসেবে বারাদারকে গত সেপ্টেম্বরে মুক্তি দিয়েছে পাকিস্তান সরকার। তবে কারাগার থেকে মুক্তির পরও তাঁকে গৃহবন্দী রাখা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
আফগানিস্তান থেকে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীকে আগামী বছরের শেষ নাগাদ প্রত্যাহারের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তাই তালেবান বিদ্রোহীদের সঙ্গে সমঝোতার জন্য উদ্যোগী হয়েছে আফগান কর্তৃপক্ষ। ন্যাটো সেনাদের প্রত্যাহারের পর শান্তি বজায় রাখতে পাকিস্তানের সমর্থনকে একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচনা করা হচ্ছে। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আফগানিস্তানে ক্ষমতাসীন কট্টর ইসলামপন্থী তালেবান সরকারের প্রতি পাকিস্তানের সমর্থন ছিল। এএফপি।