বারানসি ও আজমগড়ে বিজেপি-এসপির ভিন্ন চিত্র
লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশের আলোচিত দুটি আসন বারানসি ও আজমগড়৷ দুই জায়গায় মধ্যে দূরত্ব ১০০ কিলোমিটার৷ তবে আজ সোমবার লোকসভা নির্বাচনের শেষ ধাপে এই দুই আসনের দিকে সবার আলাদা নজর থাকবে৷
বারানসিতে বিজেপির প্রার্থী নরেন্দ্র মোদি৷ তাঁর প্রতিদ্বন্দ্বী আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়াল৷ এখানে মুলায়মের সমাজবাদী পার্টির (এসপি) প্রার্থী কৈলাশ প্রসাদ চৌরাসিয়া৷ কিন্তু তিনি আলোচনায় নেই৷ অন্যদিকে, ভারতজুড়ে ‘মোদি-হাওয়া’ চললেও আজমগড়ে তার ন্যূনতম ধাক্কাও লাগেনি৷ এখানে প্রার্থী এসপির প্রধান মুলায়ম সিং নিজেই৷
অনেকের ধারণা, বারানসিতে মোদিই জিতবেন৷ তাঁর মূল প্রতিদ্বন্দ্বী হতে পারেন কেজরিওয়াল বা কংগ্রেসের অজয় রায়৷ কৈলাশের পক্ষে গত শনিবার প্রচারণা চালান মুখ্যমন্ত্রী অখিলেশ৷ তবে তাঁর কথায় মোদি, কেজরিওয়াল বা অজয়কে হারিয়ে কৈলাশ জিতে যাবেন, এমন জোর পাওয়া গেল না৷
আজমগড়ে মুলায়মের বিরুদ্ধে বিজেপির রামকান্ত যাদব অনেকটাই ম্রিয়মাণ৷ এখানে মুলায়মের সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী মায়াবতীর বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রার্থী শাহ আলম ওরফে গুড্ডু জামালি কিংবা কংগ্রেসেরে প্রার্থী অরবিন্দ যশওয়ালের মধ্যে৷ হিন্দুস্তান টাইমস৷