বারানসি ছাড়িয়ে নজর পশ্চিমবঙ্গে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের লোকসভার নবম ও শেষ পর্যায়ের ভোট শেষ হলো হিংসা ও রক্তপাতের মধ্য দিয়ে৷ গতকাল সোমবার ভোট হলো উত্তর প্রদেশের ১৮টি, বিহারের ছয়টি ও পশ্চিমবঙ্গের ১৭টি—মোট ৪১ আসনে৷ উত্তর প্রদেশ ও বিহারের নির্বাচন শান্তিপূর্ণ হলেও পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে ব্যাপক হিংসাত্মক ঘটনা ঘটে৷ গুলি, ধারালো অস্ত্র, বোমা, রড ও লাঠির আঘাতে গুরুতর আহত হয়েছেন প্রায় ৩০ জন৷ পশ্চিমবঙ্গের বিরোধীদের অভিযোগ, অধিকাংশ ঘটনার পেছনে আছে শাসক দল তৃণমূল কংগ্রেসের আশ্রিত গুন্ডারা৷ বিহারের গোপালগঞ্জে নির্বাচনী সংঘর্ষে একজন আহত হয়েছেন৷ সেই তুলনায় উত্তর প্রদেশ ছিল শান্ত৷ এই রাজ্যের বারানসি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি৷ তাঁর প্রধান দুই প্রতিদ্বন্দ্বী আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল ও কংগ্রেসের স্থানীয় বিধায়ক অজয় রায়৷ অজয় রায়ের বিরুদ্ধে নির্বাচনী বিধি লঙ্ঘনের দায়ে নির্বাচন কমিশনের নির্দেশে বারানসি পুলিশ অভিযোগ দাখিল করেছে৷
শেষ দফার নির্বাচনে সবার আগ্রহ বারানসিকে ঘিরে আবর্তিত হলেও সকাল থেকে সবার নজর কেড়ে নেয় পশ্চিমবঙ্গের আসনগুলো৷ দক্ষিণবঙ্গের এই ১৭টি আসনের মধ্যে ২০০৯ সালে ১৪টি পেয়েছিল তৃণমূল কংগ্রেস৷ বাকি তিনটির মধ্যে বহরমপুরে জিতেছিলেন কংগ্রেস ও তৃণমূলের জোট প্রার্থী অধীর চৌধুরী, জয়নগরে জিতেছিলেন এসইউসি-তৃণমূল জোট প্রার্থী তরুণ মণ্ডল৷ বামেরা পেয়েছিল একটিমাত্র আসন৷ ঘাটালে জিতেছিলেন সিপিআইয়ের প্রবোধ পান্ডা৷ ফলে সেই অর্থে একমাত্র বহরমপুর বাদ দিলে বাকি ১৬টি আসনেই তৃণমূল ‘ফেভারিট’৷ কিন্তু মোদির ব্যাপক প্রভাব ও ‘সারদা কেলেংকারি’র তদন্তের দায়িত্ব সুপ্রিম কোর্ট সিবিআইয়ের হাতে তুলে দেওয়ায় জেতা আসনগুলো ধরে রাখার বিষয়ে তৃণমূল কিছুটা সন্দিহান হয়ে পড়ে৷ সেই আশঙ্কার দরুন সকাল থেকেই শহর কলকাতাসহ দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা এবং অন্যত্র সহিংসতা ছড়িয়ে পড়ে৷ অভিযোগ রয়েছে, সহিংসতা চলাকালে সবখানেই পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী নিছক দর্শকের ভূমিকা পালন করে৷ কয়েক দিন ধরেই পশ্চিমবঙ্গে নির্বাচনী সহিংসতা মাত্রাছাড়া হয়ে যাচ্ছিল৷ ভোটের দিনও হলো৷ নির্বাচন কমিশনের ভূমিকায় বিরোধীরা ক্ষুব্ধ ও বিস্মিত৷
সহিংসতা ছাড়া যে বিষয়টি শেষ দফার ভোটে নজর কাড়ে, তা বারানসিতে কংগ্রেসের প্রার্থী অজয় রায়ের আচরণ৷ তিনি ভোট দিতে যান যে কুর্তা পরে, তার বুকে লাগানো ছিল কংগ্রেসের নির্বাচনী প্রতীক হাত৷ নির্বাচনী বিধি অনুযায়ী ভোটকেন্দ্রের এক শ ফুটের মধ্যে কোনো দলের প্রতীক-সংবলিত কোনো পোস্টার, ব্যানার, পতাকা বা অন্য কিছু থাকতে পারবে না৷ কেউ প্রচারও করতে পারবেন না৷ অজয়ের বিরুদ্ধে অভিযোগ, বুকে দলীয় প্রতীক লাগিয়ে তিনি সেই বিধি ভেঙেছেন৷ অভিযোগ পেয়েই নির্বাচন কমিশন বারানসির পুলিশকে অজয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার নির্দেশ দেয়৷ অবশ্য অজয়ের দাবি, তিনি অন্যায় করেননি৷ মোদির মতো তিনি প্রতীক তুলে ধরে প্রচারও করেননি৷ তাঁর জামায় সব সময় দলীয় প্রতীক লাগানো থাকে৷ তা পরেই তিনি ভোট দিতে গিয়েছেন৷
বিজেপি যেমন অজয়ের বিরুদ্ধে অভিযোগ করেছে, কংগ্রেসও তেমনি অভিযোগ এনেছে মোদির বিরুদ্ধে৷ প্রচার শেষ হয়ে গেলেও মোদি সামাজিক যোগাযোগের মাধ্যমে ভোটারদের ভোট দিতে অনুরোধ জানিয়েছেন বলে অভিযোগ৷ এর আগে, ৩০ এপ্রিল ভোট দিয়ে বুথের কাছেই মোদি দলীয় প্রতীক পদ্মফুলের কাটআউট হাতে ধরে রেখে সংবাদ সম্মেলন করেছিলেন৷ সে জন্যও মোদির বিরুদ্ধে নির্বাচন কমিশনের নির্দেশে অভিযোগ দায়ের করা হয়েছে৷
সোমবার যে ৪১ আসনে ভোট হলো, সেগুলোর মধ্যে উত্তর প্রদেশে রয়েছে ১৮টি আসন৷ এই আসনগুলোর মধ্যে বিজেপির ছিল মাত্র চারটি৷ শুধু একার ক্ষমতায় উত্তর প্রদেশের পূর্বাঞ্চলে বিশেষ সুবিধা করতে পারবে না জেনে বিজেপি এই এলাকার অনগ্রসরদের একটা ছোট দল ‘আপনা দল’-এর সঙ্গে জোট বাঁধে৷ এ দলটি কুর্মি জনগোষ্ঠীর, বারানসি আসনে যাদের দুই লাখের মতো ভোট রয়েছে৷ মোদিকে প্রধানমন্ত্রী হতে গেলে উত্তর প্রদেশের এই পূর্বাঞ্চল থেকে ভালোমতো আসন জিততে হবে৷ তা নিশ্চিত করতেই মোদির বারানসিকে বেছে নেওয়া৷ সোমবারের ভোটের গুরুত্বও এখানেই৷
বিহারের যে ছয়টি আসনে ভোট, সেগুলোর মধ্যে বিজেপি-জনতা দল (সংযুক্ত) আগেরবার পেয়েছিল চারটি আসন৷ জোট ভেঙে যাওয়ায় বিহারের ভোট এবার ত্রিমুখী৷ তবে বিজেপি জোট বেঁধেছে দলিত নেতা রামবিলাস পাসোয়ানের লোক জনশক্তি দলের সঙ্গে৷ লালু প্রসাদের আরজেডির সঙ্গে কংগ্রেসের জোট রয়েছে বিহারে৷ জনতা দল (সংযুক্ত) দ্বিতীয় শক্তি৷ এদের বিরুদ্ধে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ কতটা সফল হয়, তা দেখার আছে৷