বারানসিতে ত্রিমুখী লড়াই শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি, কংগ্রেসের অজয় রায় ও আম আদমি পার্টির (এএপি) অরবিন্দ কেজরিওয়াল ।
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি, কংগ্রেসের অজয় রায় ও আম আদমি পার্টির (এএপি) অরবিন্দ কেজরিওয়াল ।

ভারতে নয় পর্বের লোকসভা নির্বাচন আজ সোমবার শেষ হচ্ছে। শেষ পর্বে আজ তিন রাজ্যের ৪১ আসনে ভোট নেওয়া শুরু হয়েছে।আজ সবার নজর উত্তর প্রদেশের বারানসি আসনের দিকে। সেখানে ভোটের যুদ্ধে মুখোমুখি হয়েছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি, আম আদমি পার্টির (এএপি) অরবিন্দ কেজরিওয়াল ও কংগ্রেসের অজয় রায়। এই তিন প্রার্থীর মধ্যে ত্রিমুখী লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে।
পশ্চিমবঙ্গে আজ হচ্ছে পঞ্চম দফা ভোট। রাজ্যের ৪২টি লোকসভা আসনের মধ্যে ইতিমধ্যে শেষ হয়েছে ২৫ আসনের ভোট নেওয়া। আজ শেষ পর্বে ভোট হচ্ছে বাকি ১৭টি আসনে। এই ১৭ আসনের মধ্যে ১৪টি গতবার পেয়েছিল তৃণমূল।
আর সমাজবাদী পার্টির (এসপি) মুলায়ম সিং যাদবের রাজ্য উত্তর প্রদেশের ৮০ আসনের মধ্যে আজ ভোট নেওয়া হচ্ছে ১৮ আসনে। বিহারে ছয়টি আসনে ভোট চলছে।

উত্তর প্রদেশের বারানসিতে বিজেপির মোদি, এএপির কেজরিওয়াল ও কংগ্রেসের অজয় রায়ের মধ্যে ত্রিমুখী লড়াইয়ের আভাস পাওয়া গেছে।

তবে পুরো রাজ্যের লড়াইটা চতুর্মুখী হবে বলেই মনে হচ্ছে। এতে কংগ্রেস ও বিজেপির পাশাপাশি থাকছে রাজ্যের ক্ষমতাসীন সমাজবাদী পার্টি (এসপি) ও বিরোধী দল মায়াবতীর বহুজন সমাজবাদী পার্টি (বিএসপি)। তবে মূল লড়াইটা হতে পারে বিজেপি ও বিএসপির মধ্যে। এসপির প্রধান মুলায়ম লড়ছেন বারানসির পাশের আসন আজমগড় থেকে। সেখানেও আজ ভোট। তিনি হয়তো জিতে যাবেন। কিন্তু তাঁর দল এসপির অবস্থা গতবারের মতো অতটা সংহত নয়।

বিহারে নির্বাচন আজ ছয়টি আসনে। এই রাজ্যে নির্বাচনের শেষ পর্যায়ে উন্নয়নের বিষয়টি পাশে সরিয়ে জাতপাতের বিষয়টি সামনে নিয়ে এসেছেন নরেন্দ্র মোদি। এই অনুভূতির ওপর ভর দিয়ে টক্কর দিতে চাইছেন সাবেক মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের রায় জনতা দলের (আরজেডি) সঙ্গে। একই অস্ত্রে কাবু করতে চাইছেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের জনতা দলকে (সংযুক্ত)।