
যুক্তরাজ্যের বার্কলেজ ব্যাংক বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দরিদ্র দেশে অর্থ পাঠানোর কাজে নিয়োজিত মানি ট্রান্সফার এজেন্সিগুলোর সঙ্গে ব্যাংকিং বন্ধ করার সিদ্ধান্ত দিয়েছে। এই উদ্যোগ থেকে বার্কলেকে সরে আসার অনুরোধ জানিয়ে গত সোমবার ‘দ্য গার্ডিয়ান’ পত্রিকায় একটি নিবন্ধ লিখেছেন যুক্তরাজ্যের বাংলাদেশি বংশোদ্ভূত পার্লামেন্ট সদস্য রুশনারা আলি। নিবন্ধটি তুলে ধরা হলো—
আমাকে যাঁরা নির্বাচিত করেছেন, সে সব নির্বাচকমণ্ডলীর একজন ৩০ বছর ধরে বাংলাদেশে থাকা তাঁর পরিবার ও তাঁদের প্রতিবেশীদের অর্থ পাঠিয়ে আসছেন। দেশে থাকা বিধবা ভাতিজিকে তাঁর তিন ছেলেমেয়ের পড়াশোনা ও চিকিত্সার খরচ দিয়ে সাহায্য করতে হচ্ছে।
বাংলাদেশের প্রত্যন্ত একটি এলাকায় তাঁদের বাস। অনেকটা সে কারণেই অর্থ পাঠানোর জন্য আমার ওই নির্বাচক লন্ডনের ব্রিকলেনভিত্তিক একটি বাংলাভাষী অর্থ প্রেরণকারী এজেন্টের সহায়তা নিয়ে থাকেন। ওই এজেন্টের সঙ্গে বাংলাদেশের স্থানীয় এজেন্টদের ভালো যোগাযোগ থাকায় তারা যৌক্তিক কমিশন নিয়ে বাংলাদেশের যেকোনো শহর বা গ্রামে অর্থ পৌঁছে দিতে পারে।
লন্ডনের আরও কিছু এজেন্ট আছে, যারা সোমালিয়া, নাইজেরিয়া, পাকিস্তান কিংবা ভারতের লোকজনকে অর্থ পাঠানোর ব্যাপারে সহায়তা করে থাকে। মৃত ব্যক্তির দাফন, বিয়ে কিংবা জরুরি চিকিত্সার মতো জরুরি কাজের জন্য অর্থ পাঠানোর বিষয়ে ত্বরিত ভূমিকা পালন করে এসব এজেন্সি যে কী অমূল্য অবদান রাখছে, তার অগণিত ঘটনার কথা আমি শুনেছি। এই এজেন্সিগুলো যে সহায়ক ভূমিকা রাখছে, সেটাকে আয়ুরেখা (লাইফ লাইন) বলা যায়।
সম্প্রতি বার্কলে ব্যাংক এসব এজেন্সির সঙ্গে তার ব্যাংকিং সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের ফলে ৭০ শতাংশ অর্থ প্রেরণকারী এজেন্ট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে; এর ভয়াবহ প্রভাব পড়বে হাজার হাজার পরিবারের ওপর।
কমিউনিটি অ্যাক্টিভিস্ট আইয়ান মাহমুদ আমাকে বলেছেন, ‘সোমালিয়ার প্রত্যন্ত এলাকায় অর্থ পাঠানোর আর কোনো বিকল্প বৈধ উপায় নেই।’ তিনি বললেন, ‘আমরা যে শুধু পরস্পরকে আর্থিক সহায়তা করছে এমন পরিবারগুলোর সমস্যা নিয়ে কথা বলছি, তা নয়। আমরা অক্সফামের মতো মানবিক সহায়তাদানকারী সংগঠনের সম্ভাব্য অসুবিধার কথাও বলছি, যারা এই সেবা গ্রহণ করে থাকে।’
পৃথিবীর দরিদ্রতম দেশগুলোর একটি হলো সোমালিয়া। আমার সংসদীয় এলাকার কোম্পানি দাহাবশিলের মাধ্যমে সোমালিয়ায় অর্থ পাঠানো হয়। সেখানে অর্থ পাঠানোর এটিই একমাত্র বৈধ মাধ্যম। ব্যাংকিং সুবিধা ছাড়া দাহাবশিলের পক্ষে ব্যবসা চালিয়ে যাওয়া সম্ভব হবে না।
বার্কলেজর এই পদক্ষেপে অর্থ প্রেরণকারী দুটি প্রতিষ্ঠান ক্ষতির মুখে পড়বে না। প্রতিষ্ঠান দুটি হলো মানিগ্রাম ও ওয়েস্টার্ন ইউনিয়ন। তারা যেহেতু বড় খেলোয়াড়, সেহেতু অন্য অপারেটরদের চেয়ে তারা চার্জ নেয় অনেক বেশি। অন্যদিকে অন্য বেশ কিছু এজেন্সির সঙ্গে এই দুটি প্রতিষ্ঠানের যোগাযোগ নেই।
রেমিট্যান্স অর্থনীতি সারা বিশ্বেই ব্যাপক ইতিবাচক প্রভাব ফেলেছে। ২০১০ সালে পাকিস্তানে যে বন্যা হয়েছিল তার ভয়াবহতা আরও অনেক বেশি অনুভূত হতো যদি দুর্গত ব্যক্তিদের উন্নত দেশে থাকা আত্মীয়স্বজন তাত্ক্ষণিকভাবে নগদ অর্থ না পাঠাতে পারতেন।
অর্থ প্রেরণকারী এজেন্টগুলো অপরাধমূলক তত্পরতার বিষয় যথাযথভাবে যাচাই করতে সমর্থ হয় না—এমন কথা বিবেচনা করে বার্কলেজ এই পদক্ষেপ নিতে যাচ্ছে। অর্থ পাচার ইস্যুতে গত বছর এইচএসবিসিকে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ ১৯০ কোটি ডলার জরিমানা করার পর বার্কলের পক্ষ থেকে এই সিদ্ধান্ত আসে। গত শরতে এইচএসবিসি বলেছে, তারা মানি সার্ভিস খাত থেকে পুরোপুরি বেরিয়ে আসবে।
অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং নিজ কার্যক্রমের পর্যালোচনা করা অবশ্যই বার্কলেজর জন্য সঠিক সিদ্ধান্ত। কিন্তু হঠাত্ করে বার্কলে যদি এমন নিষ্ঠুর ব্যবস্থা নেয়, তাহলে সারা পৃথিবীর লাখ লাখ নিরপরাধ মানুষের লাইফ লাইনের ‘সুইচ অফ’ হয়ে যাবে।
২০১১ সালে শুধু যুক্তরাজ্য থেকে বৈদেশিক মুদ্রা প্রবাহ ছিল ৩২০ কোটি ডলার। আর ২০১২ সালে সারা বিশ্বে এই প্রবাহ পৌঁছেছিল ৫৩ হাজার কোটি ডলার, যা বিশ্বের মোট উন্নয়ন-সহায়তা বাজেটের চেয়ে বেশি। রেমিট্যান্স বা বৈদেশিক অর্থ প্রচলিত নানা ধরনের বিনিয়োগ ও সহায়তার স্থলাভিষিক্ত বা বিকল্প হতে পারে না। তবে এটা স্পষ্ট যে দীর্ঘমেয়াদি আন্তর্জাতিক উন্নয়ন ও অগ্রগতিতে এই রেমিট্যান্স বড় ধরনের ভূমিকা রাখছে।
ইতিমধ্যে ৪৫ জন লেবার এমপি এবং আমি বার্কলেজকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য অনুরোধ করে চিঠি দিয়েছি। এই এমপিদের অনেকেই আমার মতো বিচলিত হয়ে পড়া সংসদীয় এলাকার। আমরা বার্কলেজকে অনুরোধ করেছি অর্থ প্রেরণকারী কোম্পানিগুলোকে কিছুটা সময় ও দম ফেলার অবকাশ দেওয়ার জন্য, যাতে এই সময়ের মধ্যে সরকার ও নজরদারি কর্তৃপক্ষগুলো এ ব্যবসাটি টিকিয়ে রাখার জন্য উপায় খুঁজে বের করার সুযোগ পেতে পারে।
আমাদের পার্লামেন্ট সদস্যরাও বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছেন। সোমালিয়া ও সোমালিয়াল্যান্ড বিষয়ে গঠিত সর্বদলীয় পার্লামেন্টারি গ্রুপ সম্প্রতি বার্কলে এবং যুক্তরাজ্য সরকারের প্রতি তাদের উদ্বেগের কথা জানিয়েছে। গ্রুপটি বলেছে, ‘বিশেষ করে দেশটিতে (সোমালিয়ায়) প্রচলিত ও আনুষ্ঠানিক ব্যাংকিং সিস্টেমের অনুপস্থিতিতে এই সেবা প্রয়োজনীয় লাইফ লাইন হিসেবে সহায়তা দিয়ে যাচ্ছে।’
গত সপ্তাহে অর্থ মন্ত্রণালয়ের সচিব ডেভিড গাউকি বলেছেন, ‘(মানি ট্রান্সফার এজেন্সিগুলোর সঙ্গে বার্কলে ব্যাংকিং সম্পর্ক ছিন্ন করার পর) যুক্তরাজ্যের ব্যবসায়ী ও কমিউনিটিগুলোর ওপর যে নেতিবাচক প্রভাব পড়বে, তা সামাল দিতে সরকার কাজ করছে।’ তবে আমি মনে করি সরকারের ওই উদ্যোগ হবে প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল এবং ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে।
সরকারের নেওয়া যেকোনো উদ্যোগ উন্নয়নশীল বিশ্বের অগ্রগতির ক্ষেত্রে রেমিট্যান্স সরবরাহের বিকল্প বা তার চেয়ে বেশি ভূমিকা রাখতে পারবে বলে আমি মনে করি না। এ কারণেই আমাদের এসব মানি ট্রান্সফার এজেন্সিগুলো বন্ধের বিরোধিতা করা দরকার।
এর বিকল্প হিসেবে আমাদের যে পরিস্থিতির মুখে পড়তে হবে তা হলো, ঘুমের ঘোরে এক অপ্রতিরোধ্য সর্বনাশের পথে আমাদের পা বাড়াতে হবে। উন্নয়নশীল দেশগুলোকে ভয়াবহ ক্ষতির মুখে পড়তে হবে এবং বিশ্বের অনগ্রসর মানুষের দারিদ্র্য বিমোচনের উদ্যোগও চরমভাবে ব্যাহত হবে।