বার্ড ফ্লু মানুষের মাধ্যমে সংক্রমিত হয় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্ড ফ্লু ভাইরাস মানুষের মাধ্যমে সংক্রমণের কোনো প্রমাণ মেলেনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) স্বাস্থ্য নিরাপত্তাবিষয়ক সহকারী মহাপরিচালক কেইজি ফুকুদা গতকাল সোমবার এ তথ্য জানান। একই পরিবারের সদস্যদের মধ্যে বার্ড ফ্লু ছড়িয়ে পড়তে পারে বলে সাধারণ মানুষের মধ্যে একধরনের আশঙ্কা দেখা দিয়েছে। তাই এ ব্যাপারে উদ্বিগ্ন না হওয়ার জন্য ডব্লিউএইচওর পক্ষ থেকে সবাইকে আশ্বস্ত করা হয়েছে। চীনের সাংহাই শহরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফুকুদা বলেন, মানুষের মাধ্যমে রোগটি ছড়ায় কি না, গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করা হচ্ছে। একই পরিবারের কয়েকজনের শরীরে রোগটি সংক্রমণের দৃষ্টান্ত পাওয়া গেলেও এর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। ডব্লিউএইচওর একটি দল সম্প্রতি সাংহাই সফর করেছে। চীনের মধ্যাঞ্চলীয় ওই শহরে বার্ড ফ্লু (এইচ৭এন৯) সংক্রমণে ২০ জনের মৃত্যু হয়েছে। মানুষের শরীরে ভাইরাসটির অস্তিত্ব ৩১ মার্চ শনাক্ত করা হয়। চীনের স্বাস্থ্য মন্ত্রণালয় সাংহাই ও বেইজিং অঞ্চল এবং চারটি প্রদেশে এ পর্যন্ত ১০২ জনের শরীরে ভাইরাস শনাক্ত হওয়ার খবর নিশ্চিত করেছে। তবে মানুষের মাধ্যমে রোগটি সংক্রমণের কোনো প্রমাণ পায়নি। এএফপি।