বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ে মালালার প্রতিকৃতি উন্মোচন

যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ে উন্মোচন করা হয়েছে নোবেল জয়ী মালালা ইউসুফজাইয়ের প্রতিকৃতি। ৯ ফুট ১০ ইঞ্চি উচ্চতার তৈলচিত্রটি এঁকেছেন পাকিস্তানি চিত্রশিল্পী নাসের আজম। গতকাল সোমবার বিবিসির এক খবরে এ তথ্য জানানো হয়।
২০১২ সালে পাকিস্তানে তালেবানের হামলার শিকার হন নারী শিক্ষা আন্দোলনের কর্মী মামলা। এরপর উন্নত চিকিৎসার জন্য তাঁকে যুক্তরাজ্যে পাঠানো হয়। সেই থেকে যুক্তরাজ্যেই আছেন মালালা। লেখাপড়া করছেন সেখানে।
বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের বারবার ইনস্টিটিউট অব ফাইন আর্টসে প্রতিকৃতি উন্মোচনের সময় মালালা বলেন, বার্মিংহামে তাঁকে যেভাবে গ্রহণ করেছে সে জন্য তিনি ‘খুবই কৃতজ্ঞ’। তিনি বলেন, ‘এখানে বড় বড় ভবন খুব কম, কিন্তু এখানকার মানুষের ভালোবাসা, তাঁদের আন্তরিকতা, তাঁদের উৎসাহ অনেক। ঠান্ডা আবহাওয়া ছাড়া এখানকার সবই আমার ভালো লাগে। আমাকে ব্রামি (বার্মিংহামের স্থানীয় মানুষ) বলে ডাকায় আমি গর্বিত।’
মালালার প্রতিকৃতি আঁকতে এক বছরের বেশি সময় লেগেছে চিত্রশিল্পী আজমের। এই ছবিটি লন্ডনের ন্যাশনাল পোর্ট্রেট গ্যালারির পাবলিক আর্কাইভে যুক্ত করা হবে এবং ডিজিটালি বার্মিংহাম লাইব্রেরিতে প্রদর্শন করা হবে।
আজম বলেন, মালালার সঙ্গে তাঁর এ বৈঠক ‘অনুপ্রেরণাদায়ক ও সর্বোচ্চ সম্মানজনক’। তিনি বলেন, ‘আমি মালালার এমন ছবি আঁকতে চেয়েছি যেখানে আমাদের দুজনের শেকড়ই যে এক তা ধরতে এবং পাশাপাশি তিনি (মালালা) কীভাবে আন্তর্জাতিক মানবাধিকার কর্মী হয়ে উঠেছেন তাও ফুটিয়ে তোলা যায়।’