মালালার সমর্থনে গত শনিবার সন্ধ্যায় যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে একটি প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মালালা বর্তমানে বার্মিংহাম শহরের কুইন এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন। নারীর শিক্ষার অধিকার আদায় এবং তালেবানের বিরুদ্ধে অবস্থানের কারণে সম্প্রতি সন্ত্রাসী হামলার শিকার হয় মালালা। উন্নত চিকিৎসার জন্য তাকে যুক্তরাজ্যে নেওয়া হয়েছে। বার্মিংহাম শহরের কেন্দ্রস্থল চেম্বারলিন স্কয়ারে এ প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করেন বার্মিংহাম ওমেনস নেটওয়ার্কিং হাবের শাহিদা চৌধুরী। তিনি বলেন, ‘মালালার এ দুরবস্থার কথা শুনে বিশ্বের সব প্রান্তের মানুষের মতো বার্মিংহামবাসীও মর্মাহত। নারীর শিক্ষার অধিকার আদায় করতে গিয়ে তাকে যে সন্ত্রাসী হামলার শিকার হতে হয়েছে, আমরা সবাই তার নিন্দা জানাই। এ জন্য ধর্ম-বর্ণনির্বিশেষে আমরা এ প্রার্থনাসভার আয়োজন করেছি।’এদিকে আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট একটি ওয়েবসাইটে বলা হয়েছে, মালালা ইউসুফজাইয়ের ওপর হামলার ঘটনা নাটক ছাড়া আর কিছু নয়। এতে বলা হয়, এটি মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধকে আরও যৌক্তিক করার ষড়যন্ত্র। ‘আনসারুল্লাহ্’ নামের একটি ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে মালালাকে নিয়ে পাকিস্তান ও আন্তর্জাতিক গণমাধ্যমে সংবাদ পরিবেশনের সমালোচনা করা হয়। পাকিস্তান অবজারভার ও ওয়েবসাইট।