বার্লিন চলচ্চিত্র উৎসব মাতালো শাহরুখের ‘মাই নেম ইজ খান’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১২ ফেব্রুয়ারি সকালে মুম্বাইয়ে যখন টানটান উত্তেজনায় শাহরুখ খানের নতুন ছবি মাই নেম ইজ খানকে রুখতে মৌলবাদী শিবসেনারা বিক্ষোভ দেখিয়েছে, শাহরুখের ছবি ও ছবির পোস্টার ছিঁড়েছে, সেই একই দিন রাতে জার্মানির রাজধানী বার্লিনে শাহরুখ খানকে উষ্ণ আতিথেয়তায় বরণ করা হয়েছে। জার্মানির বিখ্যাত চলচ্চিত্র উৎসব ‘বার্লিনাল’-এর দ্বিতীয় দিনে আন্তর্জাতিক প্রিমিয়ার ছিল মাই নেম ইজ খান ছবির। হিমাঙ্কের নিচে তীব্র ঠান্ডা আর তুষারপাতকে উপেক্ষা করে স্থানীয় সময় রাত সাড়ে ১০টায় শাহরুখ খানকে দেখতে হাজির ছিল কয়েক হাজার ভক্ত (ফ্যান)। সেখানে জনাকীর্ণ সংবাদ সম্মেলনে শাহরুখ বলেন, ‘আমার এবারের ছবির নায়ক হলেন আমার দর্শকেরা।’ আর পাকিস্তানি ক্রিকেটারদের সমর্থন করে কথা বলায় শিবসেনা যে প্রতিক্রিয়া দেখিয়েছে, তাতে তিনি ‘মর্মাহত’ ও ‘ভীত’।বার্লিনে বসেই অধীর আগ্রহে শাহরুখ অপেক্ষা করছিলেন ভারতের বড় বড় শহরে শিবসেনাদের হুমকির মুখে ছবিটি কেমন সাড়া পায়। কিন্তু সব আতঙ্ক আর হুমকিকে পেছনে ফেলে ভারতের বড় শহরগুলোতে প্রত্যাশার চেয়ে বেশি সাড়া ফেলেছে। সেখানে হিট। একই অবস্থা বার্লিন চলচ্চিত্র উৎসবে। ছবিটির সব টিকিট মাত্র ঘণ্টাখানেকের মধ্যে বিক্রি হয়ে যায়। উৎসবে শাহরুখ খানের নতুন ছবির প্রদর্শন আর উপস্থিতি নিয়ে দুই দিন আগ থেকেই জার্মান পত্রপত্রিকা ও টেলিভিশনে বিস্তর খবরাখবর প্রকাশিত হয়। আর তা হলিউডের যেকোনো বড় তারকার জন্যও স্বপ্নের ব্যাপার। উৎসবে শাহরুখের সঙ্গে হাজির ছিলেন তাঁর অনেক ছবির হিট নায়িকা কাজল ও পরিচালক করণ জোহর।