বার্লিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মানির রাজধানী বার্লিনের প্রধান রেলস্টেশনের কাছে গত বুধবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করা হয়েছে।গত মঙ্গলবার ওই রেলস্টেশনের কাছে বোমাটি শনাক্ত করা হয়। সাবেক সোভিয়েত ইউনিয়নের তৈরি ওই বোমাটির ওজন ১০০ কেজি। বিশেষজ্ঞরা বোমাটি নিষ্ক্রিয় করার আগে হামবুর্গগামী ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। বেশ কয়েকটি ভবন থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়। শহরের মূল বিমানবন্দরে বিমান চলাচল সাময়িক বন্ধ রাখা হয়। তবে এ ঘটনায় কতগুলো ফ্লাইটের বিলম্ব হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।পুলিশের একজন মুখপাত্র জানান, বোমাটি নিষ্ক্রিয় করার সময় ১৫০ জনের মতো মানুষ কাছের একটি বিদ্যালয়ে অবস্থান করেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানিতে নাৎসি বাহিনীকে গুঁড়িয়ে দিতে মিত্র বাহিনী বিমান থেকে বৃষ্টির মতো বোমা ফেলে। ধারণা করা হয়, যুদ্ধ শেষ হওয়ার ৬৮ বছর পরও জার্মানিতে বহু অবিস্ফোরিত বোমা পরিত্যক্ত অবস্থায় রয়ে গেছে। এপি।