বার্লিনে ব্রিটিশ দূতাবাসেও গোপন আড়ি পাতার যন্ত্র!
জার্মান সরকারের ওপর আড়ি পাততে যুক্তরাজ্য তাদের বার্লিন দূতাবাসকে ব্যবহার করেছে। ওই দূতাবাসের ছাদের ওপরে বসানো হয়েছে অত্যাধুনিক আড়ি পাতার যন্ত্র। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ ও এনএসএর সাবেক চুক্তিভিত্তিক কর্মী এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করা নতুন নথিপত্র থেকে এই তথ্য পাওয়া গেছে।
জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় এ খবরের পরিপ্রেক্ষিতে গতকাল বার্লিনে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করে। দেশটি উদ্বেগ প্রকাশ করে বলেছে, এ ধরনের আড়িপাতার ব্যবস্থা আন্তর্জাতিক আইনের পরিপন্থী।
সম্প্রতি জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের মুঠোফোনের আড়ি পাতাসংক্রান্ত নথি ফাঁস করেন স্নোডেন। ওই নথি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর ব্যাপক তোলপাড় শুরু হয়। এরপর গত সপ্তাহে বার্লিনে মার্কিন দূতাবাসের ওপরে বসানো আড়ি পাতার যন্ত্র বন্ধ করে দেওয়া হয়েছে বলে ধারণা করা হয়।
তবে এনএসএর ওই নথিপত্রের পাশাপাশি জার্মানিতে অতীত গোয়েন্দা কর্মকাণ্ডের ওপর আকাশ থেকে তোলা যেসব ছবি ও তথ্য প্রকাশিত হয়েছে, তাতে বোঝা যায়, বার্লিনে নিজস্বভাবে গোয়েন্দাগিরির ব্যবস্থা পরিচালনা করছে যুক্তরাজ্য। এ জন্য সেখানে ব্রিটিশ দূতাবাসের ছাদে বসানো হয়েছে উচ্চপ্রযুক্তির যন্ত্রপাতি। মার্কিন দূতাবাস থেকে মাত্র ১৫০ মিটার দূরে অবস্থিত ব্রিটিশ দূতাবাস। আবার এর একেবারে কাছেই অবস্থিত জার্মান পার্লামেন্ট ভবন বুন্ডেস্টাগ ও চ্যান্সেলর ম্যার্কেলের কার্যালয়।
বার্লিনে ব্রিটিশ দূতাবাসের মাধ্যমে আড়িপাতা-সংক্রান্ত নতুন এই খবরের বিষয়ে গত সোমবার রাতে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের মুখপাত্রের কাছে বক্তব্য চাওয়া হয়। তবে তিনি বলেন, ‘গোয়েন্দা কর্মকাণ্ড-সংক্রান্ত কোনো প্রশ্নে আমরা মন্তব্য করি না।’
এর আগে এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করা নথিপত্রে দেখা গেছে, ব্রিটিশ গোয়েন্দা সংস্থা গভর্নমেন্ট কমিউনিকেশন্স হেডকোয়ার্টার্স (জিসিএইচকিউ) যুক্তরাষ্ট্র ও অন্য সহযোগীদের সঙ্গে বিশ্বব্যাপী দূতাবাস ভবনগুলোতে ইলেকট্রনিক নজরদারি স্টেশনের একটি নেটওয়ার্ক পরিচালনা করছে।
ইউরোপীয় পার্লামেন্টে জার্মানির গ্রিন পার্টির সদস্য জ্যান আলব্রেখট মনে করেন, যুক্তরাষ্ট্রের পর যুক্তরাজ্যও তার ঘনিষ্ঠ ইউরোপীয় মিত্র জার্মানির ওপরে নজরদারি করছে বলে যে অভিযোগ উঠেছে, তা লন্ডন ও বার্লিনের মধ্যে সম্পর্ককে পরীক্ষায় ফেলে দেবে। আলব্রেখট বলেন, ‘যুক্তরাজ্য যদি বার্লিনে তার দূতাবাসের ছাদে একটি শ্রবণ কেন্দ্র পরিচালনা করে থাকে, তবে তা দিয়ে স্পষ্টতই রাজনীতিক ও সাংবাদিকদের লক্ষ্যবস্তু করা হয়েছে। এই লোকগুলো কি হুমকি?’
বাণিজ্য সংলাপ যেন বিঘ্নিত না হয়’: আগামী সপ্তাহে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য সংলাপে যাতে নজরদারির বিষয়টি ছায়া না ফেলতে পারে সে জন্য আহ্বান জানিয়েছেন পোল্যান্ড সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
নতুন গোয়েন্দাগিরির খবরে ক্ষুব্ধ ভেনেজুয়েলা: যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে গোয়েন্দা কার্যক্রমের আওতায় সর্বাধিক গুরুত্ব দিয়েছিল বলে যে খবর বেরিয়েছে, তার প্রেক্ষাপটে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে লাতিন দেশটি। তারা সতর্ক করে দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কে যে শীতলতা বিরাজ করছে, তা অব্যাহত থাকবে। নিউইয়র্ক টাইমস গত রোববার এক প্রতিবেদনে জানায়, মার্কিন গোয়েন্দা সংস্থা এনএসএ ২০০৭ সালে যে ছয়টি দেশকে গোয়েন্দা কার্যক্রমের জন্য বড় লক্ষ্যবস্তু বানিয়ে তালিকা তৈরি করেছিল, তার মধ্যে ভেনেজুয়েলাও ছিল। ইনডিপেন্ডেন্ট, এএফপি ও রয়টার্স।