বাল ঠাকরের পথে হাঁটতে শুরু করেছেন রাজ ঠাকরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেলো কড়ি, শুটিং করো। ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠন শিবসেনার প্রধান বাল ঠাকরের ভাইপো রাজ ঠাকরের দলের সাগরেদদের এটাই ছিল মূল কথা। কড়ি বলতে দু-এক টাকা নয়, নগদ ২৭ লাখ টাকা। পাওনা মেটাও, নইলে শুটিং বন্ধ করো। অবস্থা বেগতিক দেখে ছবির প্রযোজক রিতেশ গিদওয়ানি পুলিশে খবর দিলেন। পুলিশ তত্ক্ষণাত্ ঘটনাস্থলে এসে রাজ ঠাকরের দল মহারাষ্ট্র নবনির্মাণ সেনার ১১ জন কর্মীকে গ্রেপ্তার করল। সম্প্রতি ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ের বান্দ্রা এলাকার মেহেবুব স্টুডিওতে।স্টুডিওতে তখন নাম ঠিক না হওয়া একটি হিন্দি চলচ্চিত্রের শুটিং চলছিল। নায়ক অভিষেক বচ্চন। বলা নেই, কওয়া নেই হঠাত্ রাজ ঠাকরের সাগরেদরা এসে হাজির। ছবিতে স্থানীয় মারাঠিদের অভিনয় করার সুযোগ দিতে হবে। কিন্তু ছবির চিত্রনাট্য যেভাবে লেখা হয়েছে, তাতে মারাঠিদের সুযোগ দেওয়া যাবে না— বোঝালেন ছবির প্রযোজক রিতেশ। কোনো কাজ হলো না। পাল্টা জবাব এল স্থানীয়দের যদি কাজে নিতে না পার, তাহলে ২৭ লাখ টাকা দিতে হবে। প্রথমে হকচকিয়ে গেলেও প্রযোজক পরে পুলিশকে খবর দিলেন। কাজও হলো। গ্রেপ্তার হলো ১১ জন কর্মী। এর আগে রাজের কাকা বাল ঠাকরে ফতোয়া জারি করেছিলেন, শাহরুখ খানের মাই নেম ইজ খান চলতে দেবেন না। তখন কাকার ওই সিদ্ধান্তের প্রতিবাদ জানালেও এখন নিজেই কাকার পথে হাঁটতে শুরু করেছেন রাজ।