বালি বোমা হামলার বার্ষিকীতে নিহত ব্যক্তিদের স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্দোনেশিয়ার বালি দ্বীপে বোমা হামলায় নিহত ব্যক্তিদের স্মরণ করা হয়েছে। গতকাল শুক্রবার ওই হামলার ১০ বছর পূর্ণ হয়। হামলায় বেঁচে যাওয়া শত শত মানুষ ও নিহত ব্যক্তিদের আত্মীয়স্বজনেরা দ্বীপে সমবেত হন। তাঁরা অশ্রু ঝরিয়ে ও মোমবাতি জ্বেলে নিহত ব্যক্তিদের স্মরণ করেন।২০০২ সালের ১২ অক্টোবর ইসলামি জঙ্গিরা বালি দ্বীপে ভয়াবহ বোমা হামলা চালায়। এতে ২১টি দেশের অন্তত ২০২ জন পর্যটক নিহত হন। ওই হামলায় অস্ট্রেলিয়ার নাগরিক ছিলেন ৮৮ জন। গতকাল স্মরণ অনুষ্ঠানে স্বজনদের সঙ্গে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড, সাবেক প্রধানমন্ত্রী জন হাওয়ার্ড ও বিরোধী দলের নেতা টনি অ্যাবোট অংশ নেন। অন্তত এক হাজার অস্ট্রেলীয় এতে অংশ নেন। নিহত ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর একে একে নিহত ব্যক্তিদের নামের তালিকা পড়া হয়। এ সময় স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। জুলিয়া গিলার্ড বলেন, আজ আবেগাপ্লুত হওয়ার দিন। ওই হামলার পর অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার দূরত্ব কমে গেছে। হামলার পর আহত ব্যক্তিদের উদ্ধার কাজে নিয়োজিত কর্মী, ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ সবাইকে ধন্যবাদ জানান গিলার্ড।এর আগে ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মার্তি নেতালেগাওয়া নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, ‘চরমপন্থা ও অসহিষ্ণুতার পক্ষপাতী নই। এসবের বিরুদ্ধে আমাদের সংঘবদ্ধ সংকল্প ও সংযমের কাছে জঙ্গিরা পরাজিত।’ অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা ছাড়াও সিডনি, পার্থসহ বিভিন্ন শহরেও স্মরণ অনুষ্ঠান করা হয়। আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার সংশ্লিষ্ট জেমাহ ইসলামিয়া বালি দ্বীপের সারি ক্লাব ও পদ্দি বারে ওই হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। হামলাকারীদের অনেককেই প্রাণদণ্ড কিংবা কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যরা পুলিশি অভিযানের সময় নিহত হয়েছে। এএফপি ও বিবিসি।