বালুচ নেতা হত্যা মামলায় মোশাররফ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পারভেজ মোশাররফ
পারভেজ মোশাররফ

পাকিস্তানের সাবেক স্বৈরশাসক পারভেজ মোশাররফকে গতকাল বৃহস্পতিবার নতুন আরেকটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।  দেশটির বালুচ জাতীয়তাবাদী নেতা নওয়াব আকবর বাগতি হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। টাইমস অব ইন্ডিয়ার খবরে এ কথা জানানো হয়।
খবরে বলা হয়, বেলুচিস্তানের রাজধানী কোয়েটার একটি আদালতে চলা আকবর বাগতি হত্যা মামলায় জামিন আবেদন করেছিলেন মোশাররফ। কিন্তু তাঁর জামিনের আবেদন খারিজ করে দিয়ে গত বুধবার গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন ওই আদালত। এরই ভিত্তিতে মোশাররফকে গ্রেপ্তার দেখানো হয়। পরে ইসলামাবাদের একটি আদালত বালুচ পুলিশের আবেদনের ভিত্তিতে মোশাররফের দুই সপ্তাহের রিমান্ড মঞ্জুর করেন।

নিরাপত্তাজনিত কারণে মোশাররফের বিরুদ্ধে চলা এ মামলার কার্যক্রম কোয়েটা থেকে ইসলামাবাদে স্থানান্তরে প্রাদেশিক আদালতে আবেদন করেছে বালুচ সরকার।

তাই গ্রেপ্তার সত্ত্বেও ইসলামাবাদের অদূরে মোশাররফের নিজস্ব খামারবাড়িতে যে উপকারাগার স্থাপন করা হয়েছে, সেখানেই বন্দী থাকবেন মোশাররফ। সেখানে স্থাপিত অস্থায়ী আদালতে তাঁর বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোকে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগ ও ২০০৭ সালে সুপ্রিম কোর্টের বিচারকদের গ্রেপ্তারের ঘটনায় আরও দুটি মামলা চলছে।