বাল্টিমোরে বারবার কেন এই দাঙ্গা?

‘এই পুলিশের কেউ কখনো কারাগারে যায় না, ওদের চাকরিও যায় না। ওরা দুর্বৃত্ত বৈ আর কিছু নয়।’
ঝাঁজালো এই কথাগুলো ৪১ বছর বয়সী উইলিয়াম টাইলারের। দাঙ্গায় বিধ্বস্ত একটি ওষুধের দোকানের সামনে দাঁড়িয়ে এভাবে ক্ষোভ ঝাড়েন পশ্চিম বাল্টিমোরের এই বাসিন্দা। আইনের ধারক পুলিশের বেআইনি কাজকে কটাক্ষ করে তাঁর এই মন্তব্য। ২৫ বছরের কৃষ্ণাঙ্গ যুবক ফ্রেডি গ্রেকে হত্যার ঘটনায় পুলিশকে নিয়ে বিতর্ক শুরু। বাল্টিমোরের পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া ফ্রেডি গ্রে গত ১৯ এপ্রিল মারা যান। তাঁর মৃত্যুর ঘটনা মার্কিন মুলুকে বিতর্কের ঝড় তোলে। পুলিশি নির্যাতনে এই মৃত্যুর ঘটনায় ক্ষোভের আগুন জ্বলে ওঠে। বিভিন্ন শহরে হাজারো মানুষ ফেটে পড়ে বিক্ষোভে।
শুরুতে প্রতিবাদ ছিল নীরবে। গ্রের শেষকৃত্য অনুষ্ঠানের পর তা সহিংসতায় রূপ নেয়। ক্ষুব্ধ তরুণেরা শহরের উত্তর-পশ্চিমের একটি বিপণিকেন্দ্রে হামলা চালান। সন্ধ্যায় পশ্চিম বাল্টিমোরের একটি বিশাল এলাকাজুড়ে ভাঙচুর ও লুটতরাজ চলে। বিভিন্ন ভবনে আগুন দেয় বিক্ষোভকারীরা। পরদিন আইনশৃঙ্খলা রক্ষাকারী দলে ভরে যায় শহর। জারি করা হয় কারফিউ।
গত বছর আগস্টে মিজৌরির ফার্গুসনে শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তার গুলিতে আফ্রিকান বংশোদ্ভূত তরুণ মাইকেল ব্রাউন নিহত হওয়ার ঘটনায়ও বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে। তবে ফার্গুসনের আর বাল্টিমোরের পরিস্থিতি এক নয়। ফার্গুসনের শ্বেতাঙ্গরা বরাবরই কালোদের লঘু অপরাধে গুরুদণ্ড দিয়ে আসছে। সেখানে সাদারা সংখ্যায় বেশি। কিন্তু বাল্টিমোরে বেশি কালোরা। শহরের মেয়র স্টিফেন রাওলিংস কালো, পুলিশ প্রধানসহ গুরুত্বপূর্ণ পদে থাকা কর্মকর্তারা কালো। কাজেই সেখানে সাদাদের তেমন প্রভাব বিস্তার না করারই কথা। তাহলে সমস্যা কোথায়?
সমস্যাটা আসলে অপরাধ প্রবণতার মধ্যে। বাল্টিমোরে অপরাধ ঘটছেই। ২০১৩ সালে সহিংস নানা ঘটনায় বাল্টিমোরে ২৩৩ জন নিহত হয়। ওই সময় দক্ষিণ আফ্রিকার চেয়ে বাল্টিমোরেই সবচেয়ে বেশি খুন হয়েছে। সঙ্গে দাঙ্গা-হাঙ্গামা আর লুটতরাজ তো আছেই। পুলিশ তা দমাতে ব্যর্থ হয়।
পুলিশের ব্যর্থতার মূল জানতে হলে যেতে হবে আগের শতকে। পঞ্চাশ ও ষাটের দশকের দিকে উত্তর-পূর্ব ও মধ্য-পশ্চিম আমেরিকার বেশির ভাগ শহরে কালোরা ভিড় করে চাকরির সন্ধানে। আর সে সময় থেকেই তারা বর্ণবাদী আচরণের শিকার হচ্ছিল। চাকরি ও আবাসন খাতে এই বৈষম্যে অতিষ্ঠ হয়ে বিগড়ে যায় কালোরা। হয়ে ওঠে সহিংস। তাদের দৌরাত্ম্যে বাল্টিমোর ছেড়ে পালিয়ে যায় অনেক শ্বেতাঙ্গ। কালোদের সেই মারমুখী মনোভাব এখনো রয়ে গেছে।
দীর্ঘদিন ধরে চলে আসা রাজ্যের এ সমস্যার সমাধান করা কঠিন। দ্য বাল্টিমোর সান গত সেপ্টেম্বরে এ ব্যাপারে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১১ থেকে ২০১৪ পর্যন্ত শহরের কর্তাব্যক্তিদের নিষ্ঠুরতার অভিযোগে করা মামলা নিষ্পত্তি করতে কর্তৃপক্ষকে প্রায় ৫৭ লাখ ডলার খরচ করতে হয়। ২০১২ সালে কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের অনুসন্ধানে উঠে আসে শহরের ৫১ জন পুলিশ কর্মকর্তার দুর্নীতিতে জড়িত থাকার বিষয়।
অপরাধ দমানোর কিছু পদক্ষেপ বরং সমস্যাটিকে আরও জটিল করেছে। সাবেক মেয়র মার্টিন ও’মেলের সময় তাঁর নির্দেশে অপরাধ দমনে পুলিশ ‘জিরো টলারেন্স’ কৌশল অবলম্বন করে। ২০০৫ সালে শহরের ৬ লাখ ৩৫ হাজার মানুষের মধ্যে প্রায় এক লাখ বাসিন্দাকে গ্রেপ্তার করে পুলিশ। এতে বরং হিতে বিপরীত হয়েছে। অপরাধ না কমে বরং বেড়েছে।