বিদ্রোহীদের কাছ থেকে নিরাপদে রাখতে সারা দেশে ছড়িয়ে থাকা রাসায়নিক অস্ত্রগুলো ‘এক-দুটি’ স্থানে সরিয়ে নিয়েছে সিরিয়া সরকার। গতকাল রোববার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানিয়েছেন।রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ বলেন, সিরিয়ার রাসায়নিক অস্ত্রগুলো আগে সারা দেশে ‘ছড়িয়ে ছিটিয়ে’ ছিল। এখন সেগুলো ‘নিয়ন্ত্রণে’ রয়েছে। তিনি বলেন, প্রেসিডেন্ট বাশার আল-আসাদের দেশ ছাড়ার কোনো পরিকল্পনা নেই।ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়ন-রাশিয়া সম্মেলনে যোগদান শেষে দেশে ফেরার পথে বিমানে সাংবাদিকদের লাভরভ বলেন, ‘আমাদের জানামতে এবং যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিশেষ বাহিনীর কাছে থাকা তথ্য অনুযায়ী, সিরিয়া সরকার তাদের রাসায়নিক অস্ত্রের নিরাপত্তায় সম্ভাব্য সবকিছু করছে।’ লাভরভ বলেন, ‘অতীতে রাসায়নিক অস্ত্রগুলো বিক্ষিপ্ত অবস্থায় থাকলেও এখন তেমনটি নেই। অস্ত্রগুলো দু-একটি জায়গায় জড়ো করার ওপর মনোযোগ দেওয়া হয়েছে।’রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাসায়নিক অস্ত্রগুলো বিদ্রোহীদের হাতে চলে গেলে তা হবে সবচেয়ে ভয়াবহ। তিনি বলেন, তাঁর বিশ্বাস, সিরিয়ার অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ করার মতো মানসিকতা পশ্চিমাদের নেই। রুশ পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সিরিয়ায় চলমান গৃহযুদ্ধে কোনো পক্ষেরই বিজয় নিশ্চিত নয় এবং আসাদও দেশ ছাড়ছেন না। তিনি বলেন, ‘আঞ্চলিক কিছু শক্তি আসাদের পদত্যাগে মধ্যস্থতা করতে মস্কোর প্রতি আহ্বান জানিয়েছিল। কিন্তু আমি তাদের বলেছি, কেন আমাদের এটি করতে হবে? আপনাদের এ রকম পরিকল্পনা থাকলে আপনারাই কাজটি করুন।’যুক্তরাষ্ট্র আশঙ্কা করছে, পরিস্থিতি আরও খারাপের দিকে গেলে সিরিয়া সরকার রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দাবিষয়ক হাউস কমিটির চেয়ারম্যান মাইক রজার্স বলেন, ‘রাসায়নিক অস্ত্রগুলোর নিরাপত্তায় একটি আঞ্চলিক পরিকল্পনা দরকার। আর সেটা করা না গেলে আমরা এই অঞ্চলে একটা বড় ধরনের বিপর্যয় দেখতে পাচ্ছি।’ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা আমোস গিলাদ বলেন, প্রেসিডেন্ট আসাদ বিভিন্ন স্থানে নিয়ন্ত্রণ হারালেও রাসায়নিক অস্ত্রগুলো এখনো নিরাপদে রয়েছে।আরব জাগরণ শুরু হওয়ার পর আসাদের পদত্যাগের দাবিতে ২১ মাস ধরে চলা সহিংসতায় এ পর্যন্ত ৪৪ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। গৃহহীন হয়েছে কয়েক লাখ মানুষ। বিবিসি ও রয়টার্স।