বাশার বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে: ন্যাটো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় সরকারি বাহিনী বিদ্রোহীদের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে বলে গত শুক্রবার অভিযোগ করেছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। এদিকে সিরিয়ার ব্যাপারে পশ্চিমা দেশগুলোর ভূমিকা ‘বিপজ্জনক’ বলে সমালোচনা করেছে রাশিয়া।ন্যাটোর প্রধান অ্যান্ডার্স ফগ র্যা সমুসেন বলেন, সিরিয়ার সেনাবাহিনী বিদ্রোহীদের ওপর বেপরোয়া ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। দুঃখজনক এই উদ্যোগে সরকারের সম্ভাব্য পতনের ইঙ্গিত পাওয়া যায়। সর্বশেষ গত বৃহস্পতিবার এ ধরনের হামলা চালানো হয়। এ ব্যাপারে ন্যাটোর কাছে প্রমাণ রয়েছে।রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ গত শুক্রবার বলেন, সিরিয়ার ব্যাপারে পশ্চিমা দেশগুলো বিপজ্জনক অবস্থান নিয়েছে। তারা সন্ত্রাসীদের ‘খারাপ’ এবং ‘গ্রহণযোগ্য’ নামে বিভক্ত করছে। সিরিয়ার জনগণকে তাদের নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করতে দেওয়া উচিত। বিদেশি সংস্থাগুলোকে দেশটির সরকার উৎখাতের চেষ্টা বন্ধ করতে হবে। রাষ্ট্রীয় টেলিভিশনের ক্যামেরাম্যান নিহত: সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের চিত্রগ্রাহক (ক্যামেরাম্যান) হায়দার আল-সুমুদি রাজধানী দামেস্কে নিজ বাড়ির সামনে গতকাল শনিবার নিহত হয়েছেন। ‘সন্ত্রাসীরা’ তাঁকে হত্যা করেছে বলে সিরিয়ান আরব টেলিভিশন কর্তৃপক্ষ দাবি করেছে। এএফপি।