বাশার বেশি দিন ক্ষমতায় থাকতে পারবেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের চাচা রিফাত আল-আসাদের ধারণা, বাশার আর খুব বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারবেন না। সহিংসতার মাত্রা যে পর্যায়ে পৌঁছেছে, তাতে বাশারের পক্ষে বেশি দিন ক্ষমতায় থাকা কঠিন। বিবিসির সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।প্রেসিডেন্ট বাশার শান্তি পরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার করলেও কিছু কিছু এলাকায় নতুন করে সেনা পাঠিয়েছে সরকার। ফলে গতকাল মঙ্গলবার সরকারি বাহিনীর সঙ্গে কয়েকটি অঞ্চলে বিদ্রোহীদের ভয়াবহ সংঘর্ষ হয়েছে। বর্তমান প্রেসিডেন্ট বাশারের বাবা হাফিজ আল-আসাদের বৈধ উত্তরসূরি হিসেবে নিজেকে দাবি করেন রিফাত। আশির দশকে হাফিজের কাছ থেকে ক্ষমতা দখলে ব্যর্থ অভ্যুত্থানের পর থেকে সিরিয়ার বাইরে বাস করছেন তিনি। তবে ১৯৯৮ সাল পর্যন্ত দেশের নামমাত্র ভাইস প্রেসিডেন্ট ছিলেন রিফাত। তিনি বলেন, ‘সিরিয়ার এমন কোনো জায়গা নেই, যেখানে সহিংসতা ছড়িয়ে পড়েনি। আমি বলতে চাই, বাশারের উচিত নতুন সরকারের কাছে দায়িত্ব দিয়ে নিজের অভিজ্ঞতা দিয়ে ওই সরকারকে সহায়তা দেওয়া।’রিফাত দাবি করেন, আসাদ পরিবার এখনো সিরিয়ার জনগণের কাছে গ্রহণযোগ্য। আরব লিগ ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রতিনিধিদলের উচিত, সিরিয়ায় নিরপেক্ষ একটি নির্বাচন পর্যবেক্ষণ দল পাঠানো।দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, সিরিয়ার দক্ষিণাঞ্চলের দেরা ও উত্তর-পশ্চিমাঞ্চলের ইদলিব প্রদেশে গতকাল দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। দেরা প্রদেশের ইসখেল শহরে বিদ্রোহীর একটি সেনাচৌকিতে হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। গত সোমবার কয়েকটি গাড়িতে করে বেশ কিছু সেনা দেরার দায়েল এলাকায় পৌঁছে। তাঁরা সেখানে কয়েকটি স্থানে অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে। দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস অভিযোগ করেছে, সরকারি সেনারা তাফতানাজ শহরে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষে দুই বেসামরিক নাগরিকসহ তিনজন নিহত হয়।এর আগে জাতিসংঘের বিশেষ দূত ও সাবেক মহাসচিব কফি আনানের শান্তি পরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার করেন প্রেসিডেন্ট বাশার। সিরিয়া সরকার ১০ এপ্রিলের মধ্যে শান্তি পরিকল্পনা বাস্তবায়ন শুরু করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। এদিকে রেডক্রসের প্রধান জ্যাকব ক্লেনবারগার সিরিয়া সফরে গেছেন। এএফপি, বিবিসি।