বাশার সরকারের কোনো ভবিষ্যৎ নেই: যুক্তরাষ্ট্র
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের নেতৃত্বাধীন সরকারের দিন ক্রমশ ফুরিয়ে আসছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র প্যাট্রিক ভেনট্রেল গত সোমবার এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। এদিকে সিরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে জাতিসংঘ ও আরব লিগের বিশেষ শান্তিদূত লাখদার ব্রাহিমির ‘গঠনমূলক’ আলোচনা হয়েছে।সিরিয়ার মধ্যাঞ্চলীয় হামা প্রদেশের হালফায়া শহরের একটি রুটির কারখানায় সরকারি বাহিনীর হামলায় ৯০ জন নিহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়ে ভেনট্রেল বলেন, বর্বরোচিত হামলায় স্পষ্ট হয়েছে, সিরিয়ার সরকারের কোনো ভবিষ্যৎ নেই। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস গতকাল মঙ্গলবার জানায়, সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে জারামানা এলাকায় সোমবার রাতে বিদ্রোহীদের আকস্মিক হামলায় সামরিক গোয়েন্দা বিভাগের একজন কর্মকর্তা নিহত হন। দামেস্কের দক্ষিণে কয়েকটি এলাকায় সেনাবাহিনী নতুন করে হামলা শুরু করেছে। বিশ্লেষকেরা মনে করেন, বাশার আল-আসাদ সরকার যেকোনো মূল্যে রাজধানীর ওপর দখল অটুট রাখতে চায়। উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের হারেম শহর ইতিমধ্যে বিদ্রোহীদের দখলে চলে গেছে। পোপের আহ্বান: ক্যাথলিক খ্রিষ্টান সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ষোড়শ বেনেডিক্ট সিরিয়ায় ‘রক্তপাত বন্ধ’ করে ‘রাজনৈতিক সমাধানের’ আহ্বান জানিয়েছেন। বড়দিন উপলক্ষে ভ্যাটিকান সিটির সেইন্ট পিটার্স ব্যাসিলিকায় গতকাল আয়োজিত ঐতিহ্যবাহী অনুষ্ঠানে পোপ বলেন, ‘সবচেয়ে কঠিন সময় এবং সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও পৃথিবীতে আশা থাকে। সিরিয়ার মানুষের ওপর শান্তি নেমে আসুক। দেশটি বর্তমানে লড়াই ও বিভক্তির মধ্য দিয়ে কঠিন সময় পার করছে। সেখানে নিরস্ত্র ও নির্দোষ মানুষকেও রেহাই দেওয়া হচ্ছে না।’ এএফপি।