বাশারকে অঙ্গীকার বাস্তবায়ন করতে হবে: হিলারি
কফি আনানের শান্তি পরিকল্পনা সিরিয়া গ্রহণ করলেও তার বাস্তবায়ন নিয়ে সংশয় প্রকাশ করেছে পশ্চিমা বিশ্ব। তবে প্রতিশ্রুতির প্রতি সম্মান জানাতে সিরিয়ার প্রতি আহ্বান জানিয়েছে চীন।মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, শুধু শান্তি পরিকল্পনা গ্রহণ করলেই হবে না, প্রেসিডেন্ট বাশার আল-আসাদ কী কাজ করলেন, তা দেখে তাঁর মূল্যায়ন করা হবে। তিনি বলেন, ‘বাশারের ইতিহাস হলো বেশি প্রতিশ্রুতি দেওয়া, কম কাজ করা। এখন যত তাড়াতাড়ি সম্ভব উদ্যোগ নিয়ে তাঁকে অঙ্গীকারের সঙ্গে কাজের সামঞ্জস্য আনতে হবে।’ হিলারি বলেন, প্রেসিডেন্ট বাশার যদি সিরিয়ার বর্তমান কালো অধ্যায়ের ইতি টানতে চান, তাহলে যত দ্রুত সম্ভব সেনাদের গুলি চালানো বন্ধের নির্দেশ দিয়ে তা প্রমাণ করতে হবে। একই সঙ্গে বিভিন্ন এলাকা থেকে সেনা প্রত্যাহার শুরু করতে হবে।’ চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হং লেই প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওয়ের সঙ্গে জাতিসংঘের বিশেষ দূত কফি আনানের বৈঠককে ‘সম্পূর্ণ সফল’ বলে উল্লেখ করেন। আনানের এই কাজে সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার করেছে বেইজিং। লেই বলেন, ‘সিরিয়া সরকার কফি আনানের শান্তি পরিকল্পনা গ্রহণ করায় আমরা খুশি। আমাদের বিশ্বাস, এর মাধ্যমে দেশটি বর্তমান পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সক্ষম হবে।’ তিনি আরও বলেন, চীন আশা করছে, সিরিয়া সরকার ও সংশ্লিষ্ট পক্ষগুলো তাদের অঙ্গীকারের প্রতি সম্মান জানাবে।গত মঙ্গলবার রাতে সিরিয়ার বিরোধী কয়েকটি পক্ষ তুরস্কে বৈঠক করে। ওই বৈঠকে তারা সিরিয়ার ন্যাশনাল কাউন্সিলকে (এসএনসি) সমর্থন দেয়।যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস অভিযোগ করেছে, গত বুধবারও সরকারবিরোধীদের ওপর হামলা চালিয়েছে সেনারা।জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক প্রধান নাভি পিল্লাই অভিযোগ করেন, সিরীয় কর্তৃপক্ষ শিশুদের আটক করছে এবং তাদের ওপর নির্যাতন চালাচ্ছে। তিনি সিরিয়া সরকারের হাতে আটক শত শত শিশুর ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বিগ্ন। নাভি পিল্লাই বলেন, প্রেসিডেন্ট বাশার চাইলেই শিশুদের মুক্তি দেওয়া সম্ভব। এ জন্য তাঁর শুধু একটি নির্দেশ প্রয়োজন। পিল্লাই বলেন, শিশুরা গুলিতে আহত হয়েছে, চিকিৎসার সুযোগ পাচ্ছে না, আটক করার পর শিশুদের রাখা হচ্ছে বয়স্কদের সঙ্গেই। কোনো কোনো ক্ষেত্রে তাদের খবর আনা-নেওয়ার বাহক হিসেবে ব্যবহার করা হচ্ছে।পিল্লাই বলেন, এভাবে চললে সিরিয়ার এই নেতাকে বিচারের মুখোমুখি হতে হবে। নিরাপত্তা পরিষদের কাছে অনেক নির্ভরযোগ্য তথ্য রয়েছে, যার ভিত্তিতে তাঁকে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) মুখোমুখি করা সম্ভব।সিরিয়ায় গত বছরের মার্চ থেকে প্রেসিডেন্ট বাশারবিরোধী বিক্ষোভ শুরু হয়। এতে সহিংসতায় এ পর্যন্ত প্রায় ১০ হাজার মানুষ নিহত হয়। এএফপি, বিবিসি।