বাশারকে আলোচনায় বসার আহ্বান বিরোধীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার সরকারবিরোধী জোট সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশন (এসএনসি) আলোচনায় বসতে দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের প্রতি আহ্বান জানিয়েছে। গত সোমবার এসএনসির প্রধান নেতা মোয়াজ আল-খতিব এই আহ্বান জানান। তবে এই আহ্বানের ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। আলোচনায় আহ্বানের প্রতি সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র।মোয়াজ আল-খতিব আল-জাজিরা টেলিভিশনকে বলেন, আলোচনার মাধ্যমে সিরিয়ার আরও রক্তপাত এড়ানো যেতে পারে। একই সঙ্গে বর্তমান সরকারের শান্তিপূর্ণ পদত্যাগ নিশ্চিত হতে পারে। বিরোধীদের সঙ্গে আলোচনার জন্য ভাইস প্রেসিডেন্ট ফারুক আল-সাহারাকে দায়িত্ব দিতে প্রেসিডেন্ট বাশারের প্রতি আহ্বান জানান তিনি। এসএনসির প্রধান বলেন, ‘বল এখন সরকারের কোর্টে। তারা হ্যাঁ বা না, যেকোনো কথা বলতে পারে। সরকারকে তাদের অবস্থান স্পষ্টভাবে জানাতে হবে। আমরা জনগণের স্বার্থে বর্তমান সরকারের শান্তিপূর্ণ বিদায়ের জন্যই হাত বাড়িয়ে দিলাম।’ তিনি বলেন, ‘আলোচনায় যাওয়া “প্রতারণা” নয়। সিরিয়ায় প্রাণহানি ঘটছে। আমরা এটা মেনে নিতে পারি না।’মোয়াজ আল-খতিব সিরিয়া সরকারের সঙ্গে প্রথম আলোচনার আগ্রহ দেখান গত সপ্তাহে। এ সময় তিনি আলোচনার শর্ত হিসেবে এক লাখ ৬০ হাজার বন্দীকে মুক্তি দেওয়ার দাবি জানান। আল-আরাবিয়া টেলিভিশনকে তিনি বলেন, তাঁরা ভাইস প্রেসিডেন্ট ফারুক আল-সাহারার সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। বর্তমান রক্তপাতের শুরু থেকেই ফারুক আল-সাহারা মনে করেন পরিস্থিতি সঠিক পথে এগোচ্ছে না। মোয়াজ আল-খতিব বলেন, ‘সরকার যদি ভাইস প্রেসিডেন্টের এই ধারণা বিশ্বাস করে, তাহলে আমি ভাইস প্রেসিডেন্টকে আলোচনায় বসার আহ্বান জানাব। আমরা তাঁর সঙ্গে আলোচনায় বসতে রাজি।’মোয়াজ আল-খতিব সম্প্রতি জার্মানির মিউনিখে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলী আকবর সালেহি ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর আলোচনায় বসতে সরকারের প্রতি আহ্বান জানালেন তিনি।মোয়াজ আল-খতিবের এই আহ্বানকে সমর্থন করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ড বলেন, প্রেসিডেন্ট বাশার যদি শান্তিতে বিশ্বাস করেন, তাহলে তাঁর উচিত বিরোধী জোটের সঙ্গে আলোচনায় বসা। যুক্তরাষ্ট্র মোয়াজ আল-খতিবের আলোচনার প্রস্তাবকে দৃঢ়ভাবে সমর্থন করে।গত মাসে প্রেসিডেন্ট বাশারও রক্তপাত বন্ধে আলোচনায় বসার ব্যাপারে তাঁর ইতিবাচক অবস্থানের কথা জানান। তবে তিনি এসএনসি বা এ ধরনের কোনো জোটের সঙ্গে আলোচনায় বসার সম্ভাবনার বিষয়টি নাকচ করে দেন। এএফপি, বিবিসি।