বাশারকে ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের রাজধানী কায়রোতে শুরু হওয়া অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) ১২তম শীর্ষ সম্মেলনের আলোচনায় সিরীয় সংঘাতের বিষয়টি প্রাধান্য পেয়েছে। সম্মেলনে মিসরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি সিরিয়ার বিদ্রোহীদের ঐক্যবদ্ধ হওয়ার ও প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।মুসলিম দেশগুলোর জোট ওআইসির নেতারা ওই সম্মেলনের দ্বিতীয় ও শেষ দিন গতকাল বৃহস্পতিবার সিরিয়া-সংকটসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এই সংকট ইতিমধ্যে মুসলিম দেশগুলোকেও বিভক্তির মুখে ঠেলে দিয়েছে।কর্মকর্তারা জানান, ৫৭ জাতির এই ফোরামের ২৬টি দেশের নেতারা গতকাল সকালের মাঝামাঝি সময় এক রুদ্ধদ্বার বৈঠক শুরু করেন। এক যৌথ সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে এদিন সন্ধ্যায় শীর্ষ সম্মেলনের সমাপ্তি ঘটবে বলে আশা করা হচ্ছে।সম্মেলনের প্রথম দিন গত বুধবার দেওয়া ভাষণে মোহাম্মদ মুরসি সিরিয়ার বিক্ষিপ্ত হয়ে থাকা বিদ্রোহী গোষ্ঠীগুলোর প্রতি ঐক্যের ডাক দেন। একই সময় তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে প্রেসিডেন্ট বাশার সরকারকে ‘ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার’ এবং দেশের জনসাধারণের দাবির প্রতি কর্ণপাত করার আহ্বান জানান। সিরিয়ায় সংখ্যাগরিষ্ঠ সুন্নি নেতৃত্বাধীন বিদ্রোহীরা সংখ্যালঘু আলাউইত (সিরিয়ার প্রাচীন ধর্মীয় গোষ্ঠী) নিয়ন্ত্রিত বাশার সরকারকে উৎখাতের চেষ্টা চালাচ্ছে। এই সংঘাতের জেরে বিশ্বব্যাপী দীর্ঘদিনের শিয়া-সুন্নি দ্বন্দ্ব আরও উসকে উঠেছে। সিরিয়ার সরকারের প্রধান সমর্থক শিয়া-শাসিত ইরান। অপর পক্ষে, বিদ্রোহীদের সমর্থন দিচ্ছে সুন্নিপ্রধান সৌদি আরব, কাতার ও মুসলিম ব্রাদারহুড-সমর্থিত মিসর।বুধবার এক বৈঠকে প্রেসিডেন্ট মুরসি ইরানি প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে সিরীয় সরকারকে সমর্থন দেওয়া বন্ধের আহ্বান জানান। বৈঠকে তুরস্কের প্রেসিডেন্ট আবদুল্লাহ গুলও উপস্থিত ছিলেন। এএফপি ও ডন।