একজন অধস্তন কর্মকর্তার কাছে প্রেসিডেন্ট বাশার আল আসাদের ক্ষমতা হস্তান্তর ও নতুন ঐক্যের সরকার গঠনে আরব লিগের প্রস্তাব গতকাল সোমবার নাকচ করেছে সিরিয়া। তারা বলেছে, এটি সিরিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রেরই অংশ। একজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় টেলিভিশন ও বার্তা সংস্থা সানায় প্রচারিত খবরে এ কথা জানানো হয়।একই দিন সরকারবিরোধী আন্দোলনের আয়োজক সংগঠনের কর্মকর্তারা বলেছেন, সিরিয়ায় সহিংসতা বন্ধে আরব লিগের নতুন পরিকল্পনা ‘বাস্তবায়নযোগ্য’ নয়। এতে বরং রক্তক্ষয়ী অভিযান চালাতে আরও সময় পাবে বাশারের সরকার।ওই কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলা হয়, ‘আরব লিগের মন্ত্রিপরিষদের ওই প্রস্তাব নাকচ করেছে সিরিয়া। এসব সিদ্ধান্ত সিরিয়ার জাতীয় সার্বভৌমত্বের লঙ্ঘন ও অভ্যন্তরীণ বিষয়ে প্রকাশ্যে হস্তক্ষেপ বলে মনে করে সিরিয়া।’ওই বিবৃতিতে আরব লিগের পর্যবেক্ষকদের মিশনের সময়সীমা বাড়ানোর বিষয়টি উল্লেখ করা হয়নি। গত মাসে আরব লিগের পর্যবেক্ষকেরা সহিংসতা অবসানের মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে অভ্যন্তরীণ পরিস্থিতি পর্যবেক্ষণে সিরিয়া সফর করেন। সম্প্রতি তাঁদের এই মিশন শেষ হয়। কিন্তু সিরিয়ায় সহিংসতা বন্ধে আরব লিগের এ মিশন কোনো অবদান রাখতে না পারায় পর্যবেক্ষকেরা কঠোরভাবে সমালোচিত হন। গত রোববার আরব পরারাষ্ট্রমন্ত্রীরা একজন ডেপুটির কাছে ক্ষমতা হস্তান্তরে বাশারের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে একটি নতুন ঐক্যের সরকার গঠনেরও আহ্বান জানান তাঁরা। দেশটির পার্লামেন্ট ও প্রেসিডেন্ট নির্বাচনের আগে গণতন্ত্রের পথে উত্তরণের প্রথম পদক্ষেপ হিসেবে এ প্রস্তাব করেন আরব পররাষ্ট্রমন্ত্রীরা। ওই কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বিবৃতিতে বলা হয়, সিরিয়া তাঁদের এ প্রস্তাবের নিন্দা জানায়। কারণ, এটি সিরিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রেরই অংশ। দেশটিতে সরকারবিরোধী আন্দোলনের আয়োজক লোকাল কো-অর্ডিনেশন কমিটির (এলসিসি) নেতারা এক বিবৃতিতে আরব লিগের নতুন পরিকল্পনার কঠোর সমালোচনা করেছেন। সাইপ্রাসের রাজধানী নিকোসিয়ায় প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, আরব লিগের প্রস্তাবের সবচেয়ে দুর্বল অংশ হচ্ছে কীভাবে এই প্রস্তাব বাস্তবায়িত হবে তার নির্দেশনা নেই। সিরিয়ায় চলমান সহিংসতা বন্ধে আরব লিগের ক্ষমতার ওপর আস্থা হারিয়ে ফেলেছে সে দেশের মানুষ। এটি পরিষ্কার যে, বর্তমান সরকার যেখানে দেশকে বিশৃঙ্খলা ও ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, সেখানে আরব লিগ নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। এলসিসির তথ্যমতে, আরব লিগের মিশনের প্রথম মাসেই সিরিয়ায় ৭৯৫ জন নিহত হয়। এতে তাঁদের মিশনের ব্যর্থতার প্রমাণ মেলে। এএফপি ও রয়টার্স।