বাশারকে বিদায় নিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে অবশ্যই ক্ষমতা থেকে সরে যেতে হবে। তবে তাঁর বিদায়ের সময় নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে আলোচনার মাধ্যমে। গতকাল শনিবার যুক্তরাজ্যে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ডের সঙ্গে আলোচনার পর জন কেরি এ কথা বলেন। খবর রয়টার্সের।
জন কেরি সিরিয়ার মিত্র রাশিয়া ও ইরানকে তাদের প্রভাব ব্যবহার করে বাশারকে আলোচনার টেবিলে বসতে রাজি করার আহ্বান জানান।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিরিয়ায় শরণার্থী-সংকট ও টানা চার বছরের সংঘাত নিরসনে রাজনৈতিক সমাধানের পথ খুঁজতে নতুন প্রচেষ্টার প্রয়োজন। হ্যামন্ডের সঙ্গে আলাপকালে সিরিয়ায় সংঘাত নিরসনে সংশ্লিষ্ট দেশগুলোর একসঙ্গে কাজ করার আশু প্রয়োজনীয়তার ব্যাপারে একমত হন জন কেরি।
এদিকে গৃহযুদ্ধ-কবলিত সিরিয়ায় রাশিয়ার অস্ত্র-সরঞ্জাম ও ‘সামরিক বিশেষজ্ঞ’ পাঠানো নিয়ে মার্কিন উদ্বেগের মধ্যেই মস্কো শুক্রবার বলেছে, সিরিয়ায় সেনা পাঠানোর জন্য প্রেসিডেন্ট বাশার অনুরোধ জানালে তা বিবেচনা করা হবে। সিরিয়া পরিস্থিতি নিয়ে সেদিনই মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ কার্টার ও রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোরগু টেলিফোনে আলোচনা করেন। এক বছরেরও বেশি সময় পর দুই দেশের প্রতিরক্ষামন্ত্রী সিরিয়া বিষয়ে আলোচনা করলেন। গত বছরের এপ্রিলে ইউক্রেনে ‘মস্কোর হস্তক্ষেপের’ প্রতিবাদে রাশিয়ার সঙ্গে সামরিক সম্পর্ক ছিন্ন করে ওয়াশিংটন ও তার ন্যাটো মিত্ররা।
আইএসের ওপর সরকারি হামলা: এদিকে রয়টার্স জানায়, সিরিয়া সরকার ইসলামিক স্টেটের (আইএস) দখল করা প্রত্নসম্পদে সমৃদ্ধ পালমিরা ও অন্য বিদ্রোহীদের দখল করা ইদলিব শহরে ব্যাপক বিমান হামলা চালিয়েছে। পালমিরায় ২৫ দফা বিমান হামলায় ১২ জন জঙ্গিসহ কমপক্ষে ২৬ জন নিহত হয়েছে। ইদলিবে নিহত হয়েছে ১৭ জন।
সিরিয়ার যুদ্ধ পর্যবেক্ষণ করা যুক্তরাজ্যভিত্তিক সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস সরকারি বাহিনীর হামলার কথা জানিয়েছে। এর আগের দিন তারা আইএসের ‘রাজধানী’ রাকাতে বিমান হামলা চালায়।
অবজারভেটরির মুখপাত্র রামি আবদেল রহমান বলেন, গত দুই দিনে আইএসের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলোতে সিরিয়া সরকার বিমান হামলা বাড়িয়েছে। সিরিয়ার সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানায়, লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানার নতুন ধরনের অস্ত্র ব্যবহার করছে সিরিয়া। ওই অস্ত্র দেশটির মিত্র রাশিয়ার সরবরাহ করা।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে গতকাল শনিবার অবজারভেটরি আরও জানিয়েছে, কয়েক দিন আগে ইদলিবের আবু আল-দুহুর বিমানঘাঁটিতে সরকারি বাহিনীর ৫৬ জন সদস্যকে গুলি করে হত্যা করেছে ইসলামপন্থী বিদ্রোহীরা।