বাশারকে 'কৃতিত্ব' দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জন কেরি
জন কেরি

সিরিয়ার রাসায়নিক অস্ত্র এত দ্রুত ধ্বংসের কাজ শুরুর জন্য প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ‘কৃতিত্ব’ দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। আন্তর্জাতিক মধ্যস্থতায় গত রোববার সিরিয়ার রাসায়নিক অস্ত্র ধ্বংসের কাজ শুরু হয়।
আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে সিরিয়ার সেনাবাহিনী এসব অস্ত্র ধ্বংসের কাজ শুরু করেছে। গত মাসে গৃহীত নিরাপত্তা পরিষদের ২১১৮ নম্বর প্রস্তাব অনুযায়ী সিরিয়াকে ২০১৪ সালের জুনের মধ্যে রাসায়নিক অস্ত্র ধ্বংস করতে হবে।
ইন্দোনেশিয়ার নুশা দুয়া শহরে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠকের পর কেরি সাংবাদিকদের বলেন, ‘খুব অল্প সময়ের মধ্যে সিরিয়ার রাসায়নিক অস্ত্র ধ্বংসের কাজ শুরু হয়েছে। এ জন্য রাশিয়ার সহযোগিতা এবং অবশ্যই সিরিয়ার সম্মতি অত্যন্ত প্রশংসার দাবি রাখে।’
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রোববার ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। সিরিয়ার অস্ত্র ধ্বংস-সংক্রান্ত প্রস্তাব নিরাপত্তা পরিষদে পাস হওয়ার এক সপ্তাহের মধ্যেই এদিন কিছু অস্ত্র ধ্বংস করা হয়েছে। আমি মনে করি, এই কৃতিত্ব প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের। এটি দারুণ শুরু।’
ইন্দোনেশিয়ায় এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর অর্থনৈতিক জোট অ্যাপেকের সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি কেরি ও লাভরভ গত সোমবার দ্বিপক্ষীয় বৈঠক করেন।
রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভ সাংবাদিকদের বলেন, আগামী মাসের মাঝামাঝি সিরিয়ার বিষয়ে শান্তি আলোচনা শুরুর ব্যাপারে মস্কো ও ওয়াশিংটন একমত হয়েছে। ইতিমধ্যে তাঁরা জাতিসংঘকে শান্তি সম্মেলন আয়োজনের আহ্বান জানাতে সম্মত হয়েছে।
রাসায়নিক অস্ত্র নিরস্ত্রীকরণ সংস্থা অর্গানাইজেশন ফর দ্য প্রহিবিশন অব কেমিক্যাল উইপেনস (ওপিসিডব্লিউ) অস্ত্র ধ্বংসের কাজ করছে। এএফপি ও বিবিসি।