বাশারের পক্ষ ত্যাগ করলেন সামরিক পুলিশপ্রধান
সিরিয়ার সামরিক পুলিশ বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আবদুল আজিজ আল শালাল সরকারের পক্ষ ত্যাগ করে পার্শ্ববর্তী দেশ তুরস্কে পালিয়ে গেছেন। তুরস্কে যাওয়ার পর সেখান থেকে অনলাইনে পোস্ট করা এক ভিডিও বার্তার মাধ্যমে তিনি তাঁর পক্ষ ত্যাগের কথা জানিয়েছেন।আবদুল আজিজ বলেছেন, সেনাবাহিনী সাধারণ সিরীয়দের নিরাপত্তা না দিয়ে ‘গণধর্ষণ ও খুনের’ ঘটনায় জড়িয়ে পড়েছে। এ কারণে তিনি পক্ষ ত্যাগ করেছেন।প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের যে কজন ঊর্ধ্বতন কর্মকর্তা পক্ষ ত্যাগ করেছেন, তাঁদের মধ্যে আবদুল আজিজকে সবচেয়ে প্রভাবশালী হিসেবে মনে করা হয়।বিবিসির মধ্যপ্রাচ্য প্রতিবেদক জিম ম্যুর এক প্রতিবেদনে বলেছেন, বাশারবিরোধী সূত্রগুলো বিবিসিকে জানিয়েছে, আবদুল আজিজ আত্মগোপনে থেকে বিদ্রোহীদের সর্বাত্মক সহায়তা করছেন।ভিডিও বার্তায় আবদুল আজিজ বলেন, ‘সেনাবাহিনীর দায়িত্ব ছিল সাধারণ সিরীয়দের রক্ষা করা। কিন্তু এর বদলে তারা খুন-ধর্ষণে জড়িয়ে পড়েছে। তাই আমি পক্ষ ত্যাগ করেছি।’ তিনি বলেছেন, তাঁর মতো অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা প্রেসিডেন্টের পক্ষ ত্যাগ করতে চান। কিন্তু সরকারের কঠোর নজরদারির কারণে তাঁরা সরকারের পক্ষ ত্যাগ করে বিদ্রোহীদের সঙ্গে যোগ দিতে পারছেন না।এদিকে, বাশার আল-আসাদের ঘনিষ্ঠজনেরা বিদ্রোহীদের প্রতি আরও কঠোর হওয়ার পক্ষে অবস্থান নিয়েছেন। তাঁদের বিশ্বাস, এই লড়াইয়ে বাশারবাহিনী জয়ী হবে। তাই লড়াই চালিয়ে যেতে হবে।প্রায় দুই বছর ধরে বিদ্রোহীরা বাশারের পদত্যাগের দাবিতে লড়াই চালিয়ে যাচ্ছে। এ পর্যন্ত এই লড়াইয়ে ৪৫ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে বলে গতকাল পর্যবেক্ষক সংস্থাগুলো জানায়।প্যারিসভিত্তিক বিশ্লেষক করিম বিতার বলেন, সিরিয়া সরকারের ক্ষমতা আরও কেন্দ্রীভূত হয়েছে। বাশারের ঘনিষ্ঠ কয়েকজনের হাতে এই ক্ষমতা রয়েছে।বাশারের ঘনিষ্ঠ কয়েকজনের মধ্যে রয়েছেন তাঁর ভাই মাহের। তিনি সামরিক বাহিনীর এলিট বাহিনী ফোর্থ ডিভিশনের প্রধান। অন্য ঘনিষ্ঠজনদের মধ্যে আছেন চাচা ব্যবসায়ী মোহাম্মদ মাখলুফ, চাচাতো ভাই রামি মাখলুফ এবং আরেক চাচাতো ভাই রাজধানী দামেস্কের নিরাপত্তাবিষয়ক প্রধান হাজেম মাখলুফ। পরিবারের বাইরে বাশারের ঘনিষ্ঠজনদের মধ্যে আছেন প্রেসিডেন্টের কার্যালয়বিষয়ক মন্ত্রী মনসুর আজম, আল-জাজিরা টেলিভিশনের সাবেক সাংবাদিক লুনা আল শিবল, প্রেসিডেন্টের নিরাপত্তা উপদেষ্টা হুসসাম সুকার, জাতীয় নিরাপত্তা পরিচালক আলী মামলুক ও রাজনৈতিক নিরাপত্তাপ্রধান রুস্তম গাজ্জালি।বিশ্লেষক করিম বলেন, প্রেসিডেন্ট বাশারের এই ঘনিষ্ঠজনেরাই এখন সব সিদ্ধান্ত নিচ্ছেন। করিম আরও বলেন, প্রেসিডেন্টের এই ঘনিষ্ঠজনদের বাইরে কেউ-ই বিশ্বাস করে না যে সরকারি বাহিনী বিদ্রোহীদের বিরুদ্ধে পুরোপুরি জয়ী হতে পারবে। এমনকি ভাইস প্রেসিডেন্ট ফারুক আল সারাও মনে করেন, বিদ্রোহী বা সেনাবাহিনী—কেউ-ই পুরোপুরি জয়ী হতে পারবে না। ফারুক আল সারার মতো অনেকে মনে করেন, এখনো আলোচনার মাধ্যমেই সিরিয়ায় রক্তপাত বন্ধ করা সম্ভব এবং বাশারকে প্রেসিডেন্ট পদে বহাল রেখেই তা সম্ভব।আরেক ভাইস প্রেসিডেন্ট নাজাহ আল আত্তার এবং বাশারের বাবা হাফিজ আল আসাদের ঘনিষ্ঠ বলে পরিচিত বাশারের উপদেষ্টা বুথায়না শাবানও মনে করেন, আলোচনার মাধ্যমে রক্তপাত বন্ধ করা সম্ভব।বাশারের একজন সাবেক মন্ত্রী বলেন, ‘আমার মনে হয়, ভাইস প্রেসিডেন্ট ফারুক আল সারার মতো নেতাদের সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া থেকে পুরোপুরি দূরে রাখা হয়েছে। কারণ, এসব নেতা মনে করেন, এই রক্তপাতে কেউ জয় পাবে না; কিন্তু প্রাণহানি ও সম্পদহানি বাড়তেই থাকবে।’ বাশারের সাবেক ওই মন্ত্রী গত বছরের মার্চ থেকে সরকারবিরোধী আন্দোলন শুরু হলে পদত্যাগ করেন। বিবিসি ও এএফপি।