বাশারের পক্ষে হেজবুল্লাহ যোদ্ধারা লড়ছে: ফ্রান্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার গৃহযুদ্ধে লেবাননের কট্টরপন্থী ইসলামি গোষ্ঠী হেজবুল্লাহর তিন-চার হাজার যোদ্ধা লড়াই করছে প্রেসিডেন্টে বাশার আল আসাদের পক্ষে।  গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে গতকাল বুধবার এ তথ্য পাওয়ার দাবি করেছে ফ্রান্স।

বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লহঁ ফাঁবিউস গতকাল তাঁর দেশের আইনপ্রণেতাদের বলেন, ‘যুদ্ধক্ষেত্রে হেজবুল্লাহ যোদ্ধারা রয়েছে। এ সংখ্যা তিন থেকে ১০ হাজার হতে পারে। তবে আমাদের হিসাবে এই সংখ্যা তিন থেকে চার হাজার।’

চলমান যুদ্ধে বাশার আল আসাদকে সমর্থন দিতে শিয়াগোষ্ঠী হেজবুল্লাহ যোদ্ধাদের সিরিয়া পাঠানোর ব্যাপারে ইরানের সমর্থন রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী।

এদিকে জাতিসংঘের মানবাধিকার প্রধান নাভি পিল্লাই গতকাল বলেন, সিরিয়ার সেনাবাহিনীর পেছনে ইরান-সমর্থিত হেজবুল্লাহ যোদ্ধাদের ভূমিকার কারণে আঞ্চলিক উত্তেজনা বাড়ছে। তবে সিরিয়ায় কতসংখ্যক হেজবুল্লাহ যোদ্ধা রয়েছে, এ ব্যাপারে কোনো তথ্য দেননি পিল্লাই।

সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীর সামরিক প্রধান সেলিম ইদরিস বিবিসিকে দেওয়া এক সাক্ষাত্কারে অভিযোগ করেন, লেবাননের হেজবুল্লাহ গোষ্ঠী ইরানের সমর্থনে সিরিয়ায় যুদ্ধ করছে। ইদরিস দাবি করেন, সিরিয়ার কুসাইর শহরের যুদ্ধে সাত হাজারের বেশি হেজবুল্লাহ যোদ্ধা অংশ নিয়েছে।

সিরিয়া থেকে হেজবুল্লাহ যোদ্ধাদের দ্রুত প্রত্যাহার করে নেওয়ার দাবি জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

সিরিয়ায় প্রায় দুই বছর ধরে প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের বিরুদ্ধে যুদ্ধ চলছে।