সিরিয়ায় রক্তপাত বন্ধের চেষ্টায় গতকাল শুক্রবার প্যারিসে এক গুরুত্বপূর্ণ বৈঠক শুরু করেছেন বৃহৎ শক্তিসহ শতাধিক দেশের নেতারা। প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা বিষয়ে একটি কার্যকর সিদ্ধান্ত নিতেই তাঁরা এ বৈঠকে বসেছেন। তবে দামেস্কের ঘনিষ্ঠ মিত্র রাশিয়া ও চীন এতে অংশ নেয়নি। এতে ক্ষোভ প্রকাশ করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন কঠোর ভাষায় বলেছেন, এর জন্য এই দুটি দেশকে ‘মূল্য দিতে হবে’। বৃহস্পতিবার সিরিয়াজুড়ে সহিংসতার ঘটনায় ৯০ জনের বেশি নিহত হয়েছে বলে একটি মানবাধিকার সংগঠন দাবি করেছে। সিরিয়ায় সরকারি বাহিনীর ‘হত্যাযজ্ঞ’ অবসানে করণীয় বিষয়ে সিদ্ধান্ত নিতে ‘ফ্রেন্ডস অব সিরিয়া’র অন্তর্ভুক্ত এক শর বেশি পশ্চিমা ও আরব দেশের নেতারা গতকাল প্যারিসে বৈঠক শুরু করেছেন। বৈঠকে প্রেসিডেন্ট বাশারের বিরুদ্ধে কঠোর জাতিসংঘ নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স। চীন ও রাশিয়ার বিরোধিতায় এর আগে জাতিসংঘের একটি উদ্যোগ ব্যর্থ হওয়ার পর জাতিসংঘের বাইরে সিরিয়া-সমস্যার একটি সমাধান খুঁজে পেতে ‘ফ্রেন্ডস অব সিরিয়া’ গোষ্ঠী গঠন করা হয়। বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেন, ‘সিরিয়া আন্তর্জাতিক সম্প্রদায়ের ডাকে সাড়া না দেওয়ায় আমাদের উচিত নিরাপত্তা পরিষদে ফিরে গিয়ে দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব পাশের আহ্বান জানানো। এর মধ্যে অর্থনৈতিক অবরোধ থেকে শুরু করে সামরিক ব্যবস্থা গ্রহণ পর্যন্ত যেকোনো ব্যবস্থা থাকতে পারে।’হিলারি আরও বলেন, তাঁর ধারণা, রাশিয়া ও চীন মনে করছে সিরিয়া সরকারের পক্ষে অবস্থান নিয়ে তাদের কোনো মূল্য দিতে হবে না। তবে বৈঠকে উপস্থিত প্রত্যেকে যদি স্পষ্ট করে দিতে পারেন যে রাশিয়া ও চীনকে তাদের অবস্থানের জন্য মূল্য দিতে হবে।’ প্যারিস বৈঠকের উদ্বোধন করে ফ্রান্সের নবনির্বাচিত প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ বলেন, ‘সবার স্বার্থে প্রেসিডেন্ট বাশারকে অবশ্যই ক্ষমতা ছাড়তে হবে এবং দেশটিতে প্রতিষ্ঠা করতে হবে অন্তর্বর্তী সরকার।’ বৈঠকে যুক্তরাজ্য ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরাও অংশ নিচ্ছেন।ইতিমধ্যে জাতিসংঘের কূটনীতিকেরা দামেস্কের বিরুদ্ধে বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপের আহ্বান-সংবলিত একটি দলিলের ওপর কাজ শুরু করেছেন। প্রেসিডেন্ট বাশার জাতিসংঘ ও আরব লিগের বিশেষ দূত কফি আনানের যুদ্ধবিরতি পরিকল্পনা এবং সরকার পরিবর্তনের রোডম্যাপ মানতে ব্যর্থ হলে ওই নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানানো হয় দলিলে। গত সপ্তাহে জেনেভায় এক বৈঠকের পর আনান রোডম্যাপটি ঘোষণা করেন। গত সপ্তাহে বাশার সরকারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে তিউনিস ও ইস্তাম্বুলেও অনুরূপ বৈঠক অনুষ্ঠিত হয়। অন্যদিকে প্রেসিডেন্ট বাশার দেশত্যাগ করলে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ফ্রান্স তাঁকে আশ্রয় দিতে ইচ্ছুক নয় বলে গতকাল জানিয়েছেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী লরাঁ ফ্যাবিয়াস।প্রেসিডেন্ট বাশারের দীর্ঘদিনের মিত্র ও সিরিয়ার অভিজাত বাহিনী রিপাবলিকান গার্ডের একটি ইউনিটের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মানাফ তালাশ বৃহস্পতিবার পক্ষ ত্যাগ করে প্যারিসের উদ্দেশে রওনা দিয়েছেন বলে গতকাল বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। এর আগে তিনি তুরস্কে যান। এ ব্যাপারে সরকার সমর্থিত ওয়েবসাইট সিরিয়া স্টেপস ব্রিগেডিয়ার জেনারেল মানাফ ‘পালিয়েছেন’ বলে মন্তব্য করেছে। এএফপি ও রয়টার্স।